ভালবাসার টানে সুদূর আমেরিকা থেকে পাকিস্তানে এসে সংসার করছেন তরুণী। বিয়ের পর পাকিস্তানে বসবাসকারী এক আমেরিকান মহিলা ইনস্টাগ্রামে তাঁর গ্রামের জীবনের বেশ কিছু ঝলক শেয়ার করেছেন। সেখানে বিদেশিনি তরুণীর সঙ্গে তাঁর পাক নাগরিক স্বামীকেও দেখা গিয়েছে। তরুণীর রোজের জীবনযাপনের টুকরো টুকরো অংশ ভিডিয়োয় দেখা গিয়েছে। বিয়ে করে কী ভাবে পাকিস্তানে দিন গুজরান করেন সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, পাকিস্তানের একটি গ্রামের পরিবেশে নিজেকে মানিয়ে নিয়েছেন মার্কিন মুলুক থেকে আসা তরুণী। সেখানে ফাঁকা জমি, খামার, সাধারণ মানের শৌচাগার ও পালিত পশু-পাখির ঘুরে বেড়ানোর দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন। সেই ভিডিয়োটি পোস্ট করে তরুণী লিখেছেন, ‘‘ভালবাসা নিয়ে বাড়াবাড়ি করে ফেলেছিলাম। তাই আজ আমার জীবন এই ছোট্ট কলোনির মধ্যে আটকে গিয়েছে।’’ যদিও স্বামীর সঙ্গে বেশ হাসিখুশি অবস্থাতেই ভিডিয়োটি করেছেন তরুণী।
‘টেলরইনপাকিস্তান’ নামের অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করার পর তা ৮০ লক্ষ বারের বেশি দেখা হয়েছে সমাজমাধ্যমে। ভিডিয়োয় তরুণী লিখেছেন, “আমি কখনও ভাবিনি যে আমি পাকিস্তানে চলে যাব। তবে আমি এই জীবনের বেশির ভাগ জিনিসই ভালোবাসি!’’ ভিডিয়োটি সমাজমাধ্যমে বিপুল জনপ্রিয়তা পাওয়ার সঙ্গে সঙ্গে নেটাগরিকদের প্রতিক্রিয়ায় মন্তব্য বিভাগ উপচে পড়েছে। এক জন লিখেছেন, ‘‘স্বর্গ থেকে নরকে গেলেন কেন?’’ দ্বিতীয় নেটাগরিক লিখেছেন, ‘‘এক জন পাকিস্তানি মেয়ে হয়ে বলছি, আপনি নিজের সঙ্গে কেন এমন করলেন?’’