Advertisement
E-Paper

বিয়ের আসরে ‘ঐতিহ্য’ রক্ষায় একে ৪৭ থেকে পর পর গুলি চালালেন অতিথিরা! লুকিয়ে পড়ল ত্রস্ত শিশুরা, ভিডিয়ো ভাইরাল

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বিয়ের শোভাযাত্রা চলাকালীন কিছু অস্ত্রধারী ব্যক্তি বাতাসে এলোপাথাড়ি গুলি চালাচ্ছেন। আশপাশে থাকা অতিথিরাও শান্ত ভাবে দৃশ্যটি দেখছেন। যেন স্বাভাবিক ঘটনা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৬ ১০:২৬

ছবি: সংগৃহীত।

যে কোনও বিয়ের অনুষ্ঠানে নাচ-গান, বাজনা, আতশবাজি, হই-হুল্লোড় স্বাভাবিক ঘটনা। কিন্তু এমন একটি বিয়েবাড়ির দৃশ্য প্রকাশ্যে এসেছে, যা দেখার পর চোখ কপালে উঠতে বাধ্য। কারণ সেখানে বিয়ের আসরে ঢাক-ঢোলের বদলে একে ৪৭ থেকে গুলি বর্ষণ করেছেন উপস্থিত আত্মীয়েরা। বিয়ের শোভাযাত্রায় বাজনার বদলে একে ৪৭-এর বুলেটের শব্দ প্রতিধ্বনিত হয়েছে। সেই ঘটনারই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বিয়ের শোভাযাত্রা চলাকালীন কিছু অস্ত্রধারী ব্যক্তি বাতাসে এলোপাথাড়ি গুলি চালাচ্ছেন। আশপাশে থাকা অতিথিরা শান্ত ভাবে দৃশ্যটি দেখছেন। যেন স্বাভাবিক ঘটনা। পরিবেশ দেখে মনে হচ্ছে, এটি বিয়েরই একটি অংশ। সংবাদ প্রতিবেদন অনুযায়ী, পশতুন সম্প্রদায়ের কিছু এলাকায় বিয়ে বা অন্যান্য আনন্দঘন অনুষ্ঠানে গুলি চালানো একটি প্রচলিত প্রথা। যদিও এটি সব জায়গায় বা সব পরিবারে ঘটে না, কিছু এলাকায় এটিকে এক ধরনের ঐতিহ্য বলে গণ্য করা হয়। ভিডিয়োটিতে একাধিক ব্যক্তির হাতে অস্ত্র দেখা গিয়েছে। ফাঁকা মাঠের মতো চত্বরে খাটিয়ায় বসে রয়েছে আবালবৃদ্ধবনিতা। তারই মাঝে আকাশের দিকে তাক করে এলোপাথাড়ি গুলি চালাচ্ছিলেন তরুণ ও প্রৌঢ়েরা। গুলির শব্দে কান চাপা দিয়ে খাটিয়ার নীচে আত্মগোপন করার চেষ্টা করছে শিশুরা এমন দৃশ্যও দেখা গিয়েছে।

ইনস্টাগ্রামে ‘নাদির খান আলামি’ নামের একটি অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করার পর এটি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। ভিডিয়োটি ইতিমধ্যেই কয়েক লক্ষ বার দেখা হয়েছে। এক লক্ষের বেশি লাইক জমা পড়েছে তাতে। সমাজমাধ্যমে ভিডিয়োটি ভাইরাল হওয়ার পর তুমুল বিতর্ক শুরু হয়েছে। কেউ কেউ একে ঐতিহ্য বলছেন, আবার কেউ একে দায়িত্বজ্ঞানহীন ও বিপজ্জনক বলে আখ্যা দিচ্ছেন। নেটমমাধ্যম ব্যবহারকারীদের একাংশের মতে, ‘‘উদ্‌যাপন করার আরও অনেক উপায় আছে। নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলা ঠিক নয়।’’ এক নেটাগরিক লিখেছেন, ‘‘এটা কি বিয়ে না শুটিং রেঞ্জ?’’, অন্য এক জন বলেছেন, ‘‘একটি ছোট্ট ভুল বিয়েবাড়িকে শোকের বাড়ি করে তুলতে পারে।’’

Advertisement
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy