গাড়ির উইন্ডশিল্ডের ধার বরাবর থাকা ছোট ছোট কালো বিন্দুগুলি প্রায়শই আমাদের নজরে পড়ে। আমরা সাধারণত এই নিয়ে বিশেষ মাথা ঘামাই না। কালো বিন্দুগুলি দেখলে কোনও সাধারণ নকশার অংশ বলেও মনে হতে পারে। এই বিন্দুগুলির আসল কাজ কী এবং এগুলি কেন গুরুত্বপূর্ণ তা বোঝানোর জন্য একটি গল্প নেটমাধ্যমে ভাগ করে নিয়েছেন এক তরুণী। তিনি সেই পোস্টে লিখেছেন, “ওই কালো বিন্দুগুলো আক্ষরিক অর্থেই আমার এবং আমার প্রেমিকের জীবন বাঁচিয়েছিল।” কালো বিন্দুগুলির তাৎপর্য আসলে কী, তা জানার জন্য কৌতূহলী হয়েছেন নেটাগরিকেরা। ভাইরাল হয়েছে পোস্টটি। যদিও এই পোস্টের সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
পোস্টদাতা জানিয়েছেন, তিনি ও তাঁর সঙ্গী গাড়ি চালিয়ে মরুভূমির মধ্য দিয়ে যাচ্ছিলেন। গাড়ির ভিতরে এসি চললেও বাইরে ছিল চামড়া ঝলসানো গরম। তারই মাঝে গাড়ি চালাতে চালাতে তরুণীর প্রেমিক মার্কের নজর পড়েছিল কালো বিন্দুগুলির উপর। মার্ক নাকি দাবি করেন, গাড়ির কিনারায় অপ্রয়োজনীয় কালো বিন্দুগুলো শুধু দৃষ্টিকেই আটকে দেয়। তরুণী লিখছেন, দশ মিনিট পরে সেই সাধারণ কালো বিন্দুগুলিই তাঁদের ত্রাতা হয়ে দাঁড়ায়। এর জন্যই আমাদের অ্যাম্বুল্যান্সে উঠতে হয়নি। কারণ তাঁদের সামনে চলা একটি ট্রাকের টায়ার ফেটে গিয়েছিল। রবারের একটি বড় টুকরো সোজা তাঁদের গাড়ির দিকে উড়ে আসে। বড় টুকরোটি উইন্ডশিল্ডের কাচের উপরের ডান কোণায় সজোরে আঘাত করে। কানে তালা লাগিয়ে দেওয়ার মতো শব্দ হয়েছিল।
ধাক্কাটা এতটাই প্রচণ্ড ছিল যে গাড়ির পুরোটাই কেঁপে উঠেছিল। উইন্ডশিল্ডটিতে মারাত্মক ফাটল ধরলেও তা পুরোপুরি ভাঙেনি। উইন্ডশিল্ডে মাকড়সার জালের মতো বিশাল একটি ফাটল ধরে গেলেও কাচটি ফ্রেমের সঙ্গে শক্ত ভাবে আটকে ছিল। দুর্ঘটনার পর গাড়িটি সরাতে আসা উদ্ধারকারী ট্রাকচালক (টো ট্রাক) তরুণীকে জানিয়েছেন, কালো বিন্দুগুলি কাচের তাপ ছড়িয়ে দেয় যাতে কাচ বেঁকে না যায। ধারের আঠাকে সুরক্ষিত রাখে। ওই ছোট্ট কালো বিন্দুগুলি আক্ষরিক অর্থেই গাড়ির কাঠামোকে সুরক্ষা দেয়।
পোস্টটি এক্স হ্যান্ডলের ‘চিজ়িটেরে_এক্সওয়াইজ়েড’ নামের হ্যান্ডল থেকে পোস্ট করার পর সেটি ৬০ লক্ষেরও বেশি বার দেখা হয়েছে। নেটাগরিকদের কেউ কেউ এটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি একটি গল্প বলে দাবি করতেই পোস্টদাতা লেখেন, “এটি একজন গল্পকার হিসাবে আমার লেখা একটি কাল্পনিক ছোটগল্প (এআই-সৃষ্ট নয়)।” নেটাগরিকদের এক জন লিখেছেন, “এইসব গল্প আসলে সত্যি নয়। কালো দাগগুলো নিছকই বাহ্যিক সৌন্দর্যের জন্য।’’ এক নেটাগরিক এক্সের তথ্যযাচাই চ্যাটবট গ্রোককে প্রশ্ন করায় সেটি উত্তর দিয়েছে, কালো বিন্দুগুলো (ফ্রিট ব্যান্ড) আঠার জন্য একটি বাঁধনের কাজ করে। উইন্ডশিল্ডকে অতিবেগনি রশ্মি থেকে রক্ষা করে। তাপকে সমান ভাবে ছড়িয়ে দিতে সাহায্য করে। কিন্তু দাবি অনুযায়ী সংঘর্ষের সময় উইন্ডশিল্ডকে যথাস্থানে ধরে রাখে না।