Advertisement
E-Paper

শিশু কোলে ভিক্ষা চাইল কিশোরীর দল, টাকা না দিয়ে অন্য প্রস্তাব দিলেন মহিলা, রাজি না হওয়ায় চটে গেলেন! ভাইরাল ভিডিয়ো

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, এক মহিলা তাঁর গাড়ির কাছে দাঁড়িয়ে কোলে ছোট বাচ্চা নিয়ে ভিক্ষা করা কিশোরীদের সঙ্গে কথা বলছেন। তিনি তাঁদের ভিক্ষা করার পরিবর্তে ঝাড়ু দেওয়া, ঘর মোছা বা অন্য যে কোনও কাজ করার পরামর্শ দেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২৬ ১৬:৩৩
Seeing group of girls begging, a woman ask them to work

কিশোরী ভিক্ষুকদের সঙ্গে কথা বলছেন মহিলা। ছবি: এক্স থেকে নেওয়া।

রাস্তায় গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে শিশু কোলে এগিয়ে গিয়েছিল তিন কিশোরী। ভিক্ষা চাইতেই তেলেবেগুনে জ্বলে উঠলেন গাড়িতে বসে থাকা মহিলা। টাকা তো দিলেনই না, উপার্জনক্ষম হয়েও ছোট ছোট শিশুকে কোলে নিয়ে ভিক্ষাবৃত্তি করার জন্য ওই কিশোরীদের ধমকও দিলেন তিনি। কাজ দেওয়ার কথাও বললেন। তেমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, এক মহিলা তাঁর গাড়ির কাছে দাঁড়িয়ে কোলে ছোট বাচ্চা নিয়ে ভিক্ষা করা কিশোরীদের সঙ্গে কথা বলছেন। তিনি তাঁদের ভিক্ষা করার পরিবর্তে ঝাড়ু দেওয়া, ঘর মোছা বা অন্য যে কোনও কাজ করার পরামর্শ দেন। ভিক্ষা করতে বারণ করেন। তিনি বলেন, ‘‘তোমাদের কম বয়স। কেউই বৃদ্ধা নও। তবুও তোমরা এ ভাবে ভিক্ষা চাইছ! এই রোদে ছোট বাচ্চাদের নিয়ে ভিক্ষা করতে ভাল লাগে? এটা একটা খারাপ মানসিকতা। এটাই তোমাদের অভ্যাস। তোমরা ঝাড়ু দিয়ে, ঘর মুছে, বাসনপত্র ধুয়ে যাও, আমি মাসে ৫,০০০ টাকা দেব।’’ কিন্তু মহিলার কথা শুনেও কোনও উত্তর দেয় না ওই কিশোরীরা। হাসতে থাকে। এর পর তারা মহিলাকে আপাতত কিছু টাকা দিয়ে সাহায্য করার কথা বলে। কিন্তু মহিলা আরও রেগে যান। জানান, ১০০ টাকা দিলেও তাদের মানসিকতার পরিবর্তন হবে না। এর পর ওই কিশোরীদের একটি একশো টাকার নোট দিয়ে সেখান থেকে চলে যেতে বলেন মহিলা। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ঘর কা কলেশ’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। নেটাগরিকদের অনেকে গাড়িতে থাকা মহিলার সঙ্গে সহমত পোষণ করেছেন। অনেকে আবার মন্তব্য করেছেন, দারিদ্র এবং অসহায়ত্বকে কেবল অভ্যাস বলে উড়িয়ে দেওয়া যায় না।

Advertisement
Viral Video Beggar
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy