রাজস্থানে ঘুরতে গিয়ে উটের পিঠে না চড়ে ফিরে আসবেন! এমন তো হয় না। অ্যাডভেঞ্চারের স্বাদ নিতে মরুভূমিতে গিয়ে উটের পিঠে চড়ে বসেছিলেন দম্পতি। কিন্তু উটের পিঠে চড়ে মরুভূমিতে ঘোরার শখ পূরণ হল না তাঁদের। উট লাফিয়ে লাফিয়ে দৌড়োনো শুরু করতেই টাল সামলাতে না পেরে উটের পিঠ থেকে বালিতে আছড়ে পড়লেন তরুণ-তরুণী। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘ইন্ডিয়ান.সচ’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক তরুণ দম্পতি উটের পিঠে চড়ে বসেছিলেন। তরুণ-তরুণী উটের পিঠে চড়ে বসেছিলেন ঠিকই, কিন্তু সেখানে নিরাপত্তার কোনও বিশেষ ব্যবস্থা ছিল না। দম্পতিকে পিঠে বসিয়েই মরুভূমিতে লাফিয়ে লাফিয়ে দৌড়োতে শুরু করে উটটি। টাল সামলাতে না পেরে উটের পিঠ থেকে এক দিকে হেলে পড়ছিলেন তরুণী।
তরুণীর পিছনে বসেছিলেন তাঁর স্বামী। তিনিও উটের লাফের চোটে লাফিয়ে শূন্যে উঠে পড়েন। কয়েক সেকেন্ডের মধ্যেই উটের পিঠ থেকে আছড়ে বালিতে পড়ে যান দু’জনেই। এই ঘটনাটি সম্প্রতি রাজস্থানের জয়সলমেরে ঘটেছে। জানা গিয়েছে, উটের পিঠ থেকে পড়ে যাওয়ায় গুরুতর আঘাত না পেলেও দু’জনেই চোট পেয়েছেন।
ভিডিয়োটি দেখে নেটপাড়ার একাংশ ক্ষোভপ্রকাশ করেছেন। এক নেটাগরিক লিখেছেন, ‘‘উটের পিঠে যাত্রীদের বসার জায়গা নেই। যাত্রীদের নিরাপত্তার জন্য কোনও ব্যবস্থা না থাকা তো অনুচিত। তা ছাড়া এমন অব্যবস্থা দেখেও পর্যটকেরা উটের পিঠে চড়তেই বা গিয়েছিলেন কেন?’’