E-Paper

পশ্চিমবঙ্গের ১৯ জন দেশের শীর্ষে

বৃহস্পতিবার বেলা ১১টা নাগাদ আইসিএসই ও আইএসসি ফল প্রকাশ করেছে সিআইএসসিই বোর্ড। বোর্ড জানিয়েছে, সার্বিক ভাবেও রাজ্যের ফল ভাল।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ মে ২০২৬ ০৮:৩৫

—প্রতীকী চিত্র।

এক জন, দু’জন নয় এই রাজ্য থেকে এগারো-বারো ক্লাসের পরীক্ষা আইএসসি-তে ৪০০-র মধ্যে ৪০০ পেয়ে ১০০% নম্বর পেলেন রাজ্যের সাত পড়ুয়া। অন্য দিকে, আইসিএসই বা দশমে ৫০০র মধ্যে ৪৯৯ পেয়ে ৯৯.৮% ছুঁল রাজ্যের ১২ জন শিক্ষার্থী। সিআইএসসিই আগেই জানিয়েছে, তারা মেধা তালিকা প্রকাশ করে না। তবে সূত্রের খবর, আইএসসি-র সাত জন এবং আইসিএসই-র ১২ জন শুধু রাজ্যেরই নয়, দেশের মধ্যে রয়েছেন শীর্ষ স্থানে। আইসিএসই এবং আইএসসিতে এই রাজ্য থেকে এভারেস্টের চূড়ায় এত ভিড় সাম্প্রতিককালে হয়নি বলেই শিক্ষামহলের মত। দুই পরীক্ষায় রাজ্য থেকে ভাল ফলের জন্য এক্স হ্যান্ডলে পরীক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এ বার আইএসসিতে ১০০% নম্বর পেয়েছেন কলকাতার ছ’জন ও শিলিগুড়ির এক জন। কলকাতার লা মার্টিনিয়ের ফর বয়েজ়ের হর্ষিত আগরওয়াল, সেন্ট জেমস স্কুলের অগ্নিভ চক্রবর্তী, সেন্ট জ়েভিয়ার্স ইনস্টিটিউশন, পানিহাটির অনুষ্কা ঘোষ, বিবেকানন্দ মিশন স্কুল, জোকা-র সুজাত পাল, দ্য হেরিটেজ স্কুলের ইলিনা রাজকুমার উদানি এবং দিল্লি পাবলিক স্কুল মেগাসিটির আনন রামি, শিলিগুড়ির মাহবার্ট স্কুলের রাশি চৌবে। আইএসসিতে ৫০০-র মধ্যে ৪৯৯ পেয়ে ৯৯.৮০% নম্বর পেয়েছে ব্যারাকপুরের সেন্ট অগাস্টিন ডে স্কুলের নৈঋত বসু, পূর্ব বর্ধমানের সেন্ট জেভিয়ার্স স্কুলের নীপবীথি দত্ত, ক্যালকাটা গার্লস হাই স্কুল-কলকাতার আইরিন মিত্র, কলকাতার হেরিটেজ স্কুলের আরভ গোয়েন্‌কা এবং শ্রেয়াংশ দাস, গার্ডেন হাই স্কুলের আরহন গুহ মজুমদার, সৌরাজ্ঞী বন্দ্যোপাধ্যায়, রামমোহন মিশন হাইস্কুল, কলকাতার অর্কদীপ বন্দ্যোপাধ্যায়, শ্রী অরবিন্দ ইনস্টিটিউট অব এডুকেশন কলকাতার অরণ্য ঘোষ, শিলিগুড়ির সেন্ট মাইকেল স্কুলের রৌণক কুমার, শিলিগুড়ির অক্সিলিয়াম কনভেন্ট স্কুলের দিব্যেন্দু প্রামাণিক এবং কলকাতার মর্ডান হাইস্কুল ফর গার্লসের নন্দিনী শীল। সুজাত, ইলিনা, রাশিরা জানিয়েছেন, ভাল ফল করার জন্য পাঠ্যবই খুঁটিয়ে পড়া জরুরি। পরীক্ষার আগে ঘড়ি ধরে ‘মকটেস্ট’ও দিতে হবে বারবার।

বৃহস্পতিবার বেলা ১১টা নাগাদ আইসিএসই ও আইএসসি ফল প্রকাশ করেছে সিআইএসসিই বোর্ড। বোর্ড জানিয়েছে, সার্বিক ভাবেও রাজ্যের ফল ভাল। এই রাজ্যে আইসিএসই পরীক্ষার পাশের হার ৯৮.৮৪%। আইএসসি পাশের হার ৯৮.৯০%। আইসিএসই এবং আইএসসি দুই পরীক্ষাতেই ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাশের হার ভাল। আইসিএসইতে ছাত্রীদের পাশের হার ৯৯.২২% এবং ছাত্রদের পাশের হার ৯৮.৫৩%। আইএসসিতে ছাত্রীদের পাশের হার ৯৯.৩১%। এবং ছাত্রদের পাশের হার ৯৮.৫৪%। এই রাজ্যে ৪৫৭টি স্কুল থেকে আইসিএসই পরীক্ষায় বসেছিল ৪৪,৪১০ জন। এর মধ্যে ছাত্র বসেছিল ২৪,২১২ জন। ছাত্রী বসেছিল ২০১৯৮ জন। আইএসসি পরীক্ষায় বসেছিলেন ২৮,৭৯১ জন। এর মধ্যে ছাত্র ১৫,৪৪১ জন এবং ছাত্রী ১৩,৩৫০ জন।

সর্বভারতীয় ক্ষেত্রে আইসিএসইতে পাশের হার ৯৯.১৮ শতাংশ। এবং আইএসসিতে পাশের হার ৯৯.১৩ শতাংশ। সর্বভারতীয় ক্ষেত্রেও ছাত্রীদের পাশের হার ছাত্রদের থেকে বেশি। আইসিএসইতে ছাত্রীদের পাশের হার ৯৯.৪৬ শতাংশ। এবং ছাত্রদের পাশের হার ৯৮.৯৩ শতাংশ। অন্য দিকে, আইএসসিতে ছাত্রীদের পাশের হার ৯৯.৪৮ শতাংশ এবং ছাত্রদের পাশের হার ৯৮.৮১ শতাংশ। দেশ জুড়ে আইসিএসই পরীক্ষা দিয়েছিল ২,৫৮,৭২১ জন। এর মধ্যে ছাত্র ১,৩৭,৫০৩ জন, ছাত্রী ১,২১,২১৮ জন। আইএসসি পরীক্ষা দিয়েছিলেন ১০৩৩১৬। এর মধ্যে ছাত্র ৫৪,১১৮ এবং ছাত্রী ৪৯,১৯৮ জন।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

ISC Topper

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy