E-Paper

শুনানির জন্য বেরিয়ে যুবক নিখোঁজ, অবরোধ

পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে বুধবার বাদুড়িয়ার তেঁতুলিয়া রোডে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান গ্রামবাসী ও পরিবারের সদস্যেরা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৫৭
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

এসআইআরের শুনানির জন্য গত সোমবার নথিপত্র নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি বাদুড়িয়ার পাপিলার নাসির আলি নামে বছর আটত্রিশের এক যুবক। মঙ্গলবার সকালে তাঁর মোটরবাইক ও জুতো মেলে স্থানীয় যমুনা খালের পাড় থেকে। তার পরেই খালে তল্লাশিও চালায় পুলিশ। কিন্তু নাসিরের সন্ধান মেলেনি। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে বুধবার বাদুড়িয়ার তেঁতুলিয়া রোডে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান গ্রামবাসী ও পরিবারের সদস্যেরা।

নিখোঁজের দাদা তাহিদ আলি বলেন, “আমাদের ধারণা, পরিকল্পিত ভাবে ভাইকে ফোন করে ফাঁদে ফেলা হয়েছে। মোটরবাইক, জুতো পাওয়া গেলেও ভাইয়ের খোঁজ দিতে পারেনি পুলিশ। প্রশাসনের আরও সক্রিয় ভূমিকা দরকার।” বিক্ষোভকারীদের মধ্যে শারমিন সুলতানা বলেন, “ডেকে নিয়ে গিয়ে কেউ নাসিরকে মেরে দিয়েছে কি না, বুঝতে পারছি না। ওঁর এলাকায় যথেষ্ট সুনাম ছিল। কারও সঙ্গে শত্রুতাও ছিল না। পুলিশ কেন এখনও খুঁজে পাচ্ছে না?”পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ পাওয়ার পরই তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যেই মোটরবাইক ও জুতো উদ্ধার হয়েছে। পরিবারের সদস্যেরা তা শনাক্তও করেছেন। সব দিক খতিয়ে দেখা হচ্ছে। পরিবার সূত্রে খবর, গত সোমবার অচেনা একটি নম্বর থেকে নাসিরের কাছে ফোন আসে। নামের বানান ভুল থাকায় এসআইআর শুনানির জন্য কাগজপত্র নিয়ে তাঁকে দেখা করতে বলা হয়। ফোনের স্পিকার ‘অন’ থাকায় পরিবারের সকলেই সে কথা শুনতে পান। কিন্তু কোথায় নাসিরকে দেখা করতে হবে, সে কথা ফোনে বলা হয়নি। তা সত্ত্বেও নথিপত্র নিয়ে নাসির বেরিয়ে যান।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

baduria

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy