E-Paper

দোকানে মাংস কিনতে গিয়ে ছুরির কোপে জখম প্রাক্তন নৌসেনা কর্মী

দোকানি পিছন ফিরতেই দোকানের সামনে দাঁড়িয়ে থাকা স্থানীয় বাসিন্দা শ্যাম পাসোয়ান আচমকাই মাংস কাটার ছুরিটি তুলে নিয়ে দীপঙ্করের পেটে ঢুকিয়ে দেয় বলে অভিযোগ।

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৫৮
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি। Sourced by the ABP

মাংস কিনতে গিয়ে ছুরিকাহত হলেন নৌসেনার প্রাক্তন কর্মী। এই ঘটনায় পুলিশ অভিযুক্তকে সঙ্গে সঙ্গেই গ্রেফতার করেছে। বুধবার ঘটনাটি ঘটে ব্যারাকপুর কমিশনারেটের মোহনপুরে।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ব্যারাকপুর-বারাসত রোডে মোহনপুর মোড়ের কাছে একটি মাংসের দোকানে এ দিন সকালে গিয়েছিলেন স্থানীয় বাসিন্দা, নৌসেনার প্রাক্তন কর্মী দীপঙ্কর সরকার। মাংসের টুকরো পছন্দ করে তাঁর কেনাও হয়ে গিয়েছিল। দোকানি পিছন ফিরতেই দোকানের সামনে দাঁড়িয়ে থাকা স্থানীয় বাসিন্দা শ্যাম পাসোয়ান আচমকাই মাংস কাটার ছুরিটি তুলে নিয়ে দীপঙ্করের পেটে ঢুকিয়ে দেয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন প্রৌঢ়। স্থানীয় লোকজন তাঁকে কাছাকাছি একটি নার্সিংহোমে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পরে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে।

তদন্তকারীরা জানান, শ্যাম দীপঙ্করের পূর্ব-পরিচিত নয়। সে মাদকাসক্ত হিসেবেই পরিচিত। দীর্ঘ দিন নেশামুক্তি কেন্দ্রে কাটিয়ে কিছু দিন আগে বাড়ি ফিরেছিল শ্যাম। পরিবারের দাবি, দিন তিনেক ধরে বিয়ে করার জন্য মরিয়া হয়ে উঠেছিল শ্যাম। বাড়িতেও অশান্তি করছিল। মাংসের দোকানির এক আত্মীয় শ্যামের পরিচিত। তার কাছেই এ দিন গিয়েছিল সে। কিন্তু কেন সে দীপঙ্করকে আক্রমণ করল, তা জানা যায়নি।

কমিশনারেটের এক কর্তা বললেন, ‘‘মোহনপুর থানা অভিযুক্তকে গ্রেফতার করেছে। তবে যুবকের কথায় অনেক অসঙ্গতি আছে।’’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Indian Navy

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy