Advertisement
E-Paper

রাতে বাড়ির বাগানে পুরসভার নথি পোড়ানোর অভিযোগ! গ্রেফতার অশোকনগর-কল্যাণগড়ের পুরপ্রধান

স্থানীয় বিজেপি নেত্রী রিঙ্কি শূর বলেন, ‘‘আমাদের পুরসভার চেয়ারম্যানের বাড়ি থেকে পোড়া পোড়া গন্ধ পাওয়া যাচ্ছিল। সেই খবর পেয়ে আমরা ওঁর বাড়িতে আসি।’’

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ জুন ২০২৬ ১২:২৮
পুরসভার নথি পোড়ানোর অভিযোগ পুরপ্রধান প্রবোধ সরকারের বিরুদ্ধে। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

পুরসভার নথি পোড়ানোর অভিযোগ পুরপ্রধান প্রবোধ সরকারের বিরুদ্ধে। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

রাতের অন্ধকারে আলো নিবিয়ে নিজের বাড়ির বাগানে পুরসভার গুরুত্বপূর্ণ নথি পুড়িয়ে ফেলার অভিযোগে এ বার পুলিশের হাতে গ্রেফতার হলেন উত্তর ২৪ পরগনার অশোকনগর-কল্যাণগড়ের পুরপ্রধান প্রবোধ সরকার। অভিযোগ, শুক্রবার রাতে অশোকনগরের পুরপ্রধানের বাড়ির বাগানে আগুন জ্বলতে দেখেন দেখেন স্থানীয়েরা। তখনই তাঁদের সন্দেহ হয়।

এর পর এলাকার লোকজনের কাছে খবর পেয়ে স্থানীয় বিজেপি নেতৃত্ব ঘটনাস্থলে আসেন। তাঁরা পুরপ্রধানকে দীর্ঘক্ষণ ধরে ডাকাডাকি করেন। অভিযোগ, প্রথমে ঘর থেকে বার হননি পুরপ্রধান। তার পরই খবর দেওয়া হয় অশোকনগর থানায়। পুলিশ এসে অবশেষে পাঁচিল টপকে বাড়ির ভেতরে ঢোকে।

যদিও পরে বাইরে বেরিয়ে আসেন পুরপ্রধান প্রবোধ। তিনি দাবি করেন, বাগানে শুকনো পাতা পোড়াচ্ছিলেন। তবে বিজেপি নেতৃত্বের অভিযোগ, পাতা নয়, বরং বাগানে পুরসভা ও বিভিন্ন সরকারি নথি-সহ পরিচয়পত্র পুড়িয়ে প্রমাণ লোপাটের চেষ্টা করা হচ্ছিল। পুলিশ এই ঘটনায় পুরপ্রধানকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, ঘটনার সঠিক তদন্ত করা হোক।

স্থানীয় বিজেপি নেত্রী রিঙ্কি শূর বলেন, ‘‘আমাদের পুরসভার চেয়ারম্যানের বাড়ি থেকে পোড়া পোড়া গন্ধ পাওয়া যাচ্ছিল। সেই খবর পেয়ে আমরা ওঁর বাড়িতে আসি। আলো নিবিয়ে বাড়ির ভিতরে ছিলেন চেয়ারম্যান। পাতা পোড়াচ্ছিলেন বলে দাবি করলেও বাগান থেকে পুরসভার পোড়া নথি উদ্ধার হয়েছে।’’ রিঙ্কির অভিযোগ, কোটি কোটি টাকা দুর্নীতি করে বিশাল বাড়ি বানিয়েছেন। জনগণের টাকা নয়ছয় করেছেন পুরপ্রধান। সেই তছরুপের টাকার নথি পুড়িয়ে প্রমাণ লোপাটের চেষ্টা করছিলেন বলে অভিযোগ। অতীতে পুরপ্রধানের বিরুদ্ধে আবাস যোজনা-সহ একাধিক অভিযোগ উঠেছিল বলে দাবি। দুর্নীতির প্রমাণ লোপাটের জন্যই এই ঘটনা বলে অভিযোগ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কেন তাঁকে গ্রেফতার করা হচ্ছে, এ প্রসঙ্গে মুখ খুলতে চাননি পুরপ্রধান।

Ashokenagar
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy