E-Paper

ভিন্ রাজ্যের শ্রমিকের মৃত্যু নিয়ে সরব কংগ্রেস

সানকিজাহানের বাসিন্দা হীরালাল দাস ও তাঁর ছেলেরা কেরলে পরিযায়ী শ্রমিকের কাজ করেন।

শেষ আপডেট: ১৭ জুন ২০২৬ ১০:৪১
প্রতিনিধিত্বমূলক ছবি।

প্রতিনিধিত্বমূলক ছবি।

বিজেপি শাসিত রাজ্যেই কেন বারবার মারধরে শ্রমিক মৃত্যুর ঘটনা ঘটছে, কুলতলিতে গিয়ে এই প্রশ্ন তুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। কুলতলির সানকিজাহান এলাকায় দিনকয়েক আগে গণপিটুনিতে মৃত্যু হয় ভিন্ রাজ্যের এক যুবকের। এলাকায় এক পরিচিতের বাড়িতে এসেছিলেন ওই যুবক। তিনি কেরলের বাসিন্দা বলেই প্রাথমিকভাবে জানা গিয়েছে। মঙ্গলবার ঘটনাস্থলে যায় কংগ্রেসের একটি প্রতিনিধি দল। শুভঙ্কর ছাড়াও ছিলেন আশুতোষ চট্টোপাধ্যায়, সুজিত পাটোয়ারি, জেলা সভাপতি তপন মণ্ডলেরা।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, সানকিজাহানের বাসিন্দা হীরালাল দাস ও তাঁর ছেলেরা কেরলে পরিযায়ী শ্রমিকের কাজ করেন। সেখানে কাজে গিয়েই ওই যুবকের সঙ্গে তাঁদের আলাপ হয়। সেই সূত্রে সম্প্রতি ওই যুবক হীরালালের বাড়িতে আসেন। বাজারে বেরিয়ে পথ ভুলে অন্য পাড়ায় ঢুকে পড়েছিলেন। সেখানেই যুবককে দড়ি দিয়ে বেঁধে মারধর করা হয়। ভাষা বুঝতে না পারায় এবং কিছু আপত্তিকর আচরণ করায় তাঁর উপর হামলা চালানো হয়। পরে পুলিশ খবর পেয়ে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি। পরে পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে সাত জনকে গ্রেফতার করেছে। হীরালাল বা তাঁর ছেলেরা যুবকের সঠিক নাম-পরিচয় জানাতে পারেননি। পুলিশ তা জানার চেষ্টা করছে।

এ দিন ঘটনাস্থলে ঘোরার পাশাপাশি হীরালালের বাড়িতে যান কংগ্রেস নেতারা। তবে সেখানে কেউ ছিলেন না। পরে কুলতলি থানাতেও যান কংগ্রেস নেতারা। সেখানে আইসি ছিলেন না। অন্য আধিকারিকদের সঙ্গে দেখা করে ঘটনার সঠিক তদন্তের দাবি জানিয়ে আসেন তাঁরা। শুভঙ্কর বলেন, “পশ্চিমবঙ্গের ছেলেরা বিজেপি শাসিত রাজ্যে কাজে গিয়ে একাধিক বার এ ধরনের ঘটনার সম্মুখীন হয়েছেন। এবার বিজেপি শাসিত পশ্চিমবঙ্গে ভিন্ রাজ্যের এক যুবকের সঙ্গে এই ঘটনা ঘটল। বিজেপি শাসিত রাজ্যে বাইরের কেউ কাজে বা বেড়াতে এলে মার খেয়ে মরতে হচ্ছে।” এই ঘটনার জেরে কেরলে কাজ করা পশ্চিমবঙ্গের ছেলেদের উপর পাল্টা হামলার ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন শুভঙ্কর। এ ব্যাপারে কেরল সরকারের সঙ্গে কথা বলে বাংলার ছেলেদের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেন তিনি। আগে থেকে জানিয়ে আসা সত্ত্বেও কেন আইসি উপস্থিত ছিলেন না, তা নিয়ে বিষ্ময় প্রকাশ করেন কংগ্রেস নেতৃত্ব। পুলিশ বিষয়টি ধামাচাপা দিতে চাইছে বলে অভিযোগ ওঠে। কেন এখনও মৃত যুবকের প্রকৃত নাম ঠিকানা খুঁজে বের করা গেল না, সেই প্রশ্ন তোলেন তাঁরা।

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। বিজেপির জয়নগর সাংগঠনিক জেলার সভাপতি উৎপল নস্কর বলেন, “দুর্ভাগ্যজনক ঘটনা। প্রশাসন তদন্ত করছে। কংগ্রেস বিষয়টি নিয়ে অহেতুক রাজনীতি করছে।”

ধৃত দুষ্কৃতী

অশোকনগর: পলাতক এক দুষ্কৃতীকে পুলিশ গ্রেফতার করেছে। ধৃত পিয়ারুল মল্লিক অশোকনগরের বিড়ার বাসিন্দা। গত এপ্রিল মাসে তাঁর বিরুদ্ধে দুষ্কৃতী দলের সঙ্গে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়ার অভিযোগ রয়েছে। সেই সময়ে কয়েকজন ধরা পড়লেও পিয়ারুল-সহ কয়েকজন তখন পালিয়ে গিয়েছিল বলে পুলিশ জানায়।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Kultoli Congress

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy