আজ শনিবার, কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জনসভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সভাকে কেন্দ্র করে ইতিমধ্যেই তৎপরতা শুরু হয়েছে বনগাঁ মহকুমা জুড়ে। বিশেষ করে মতুয়া ও উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণ বাড়াতে জোর দিচ্ছে বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা নেতৃত্ব।
রাজনৈতিক মহলের মতে, এই সভায় মতুয়া ও উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষের উপস্থিতি বিজেপির কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। সম্প্রতি প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় বনগাঁ মহকুমা থেকে প্রায় ৩৭ হাজার মানুষের নাম বাদ পড়েছে বলে অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট মহলের দাবি, বাদ পড়া নামগুলির মধ্যে অধিকাংশই মতুয়া ও উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষের। তাই ব্রিগেডের সভায় প্রধানমন্ত্রী এই বিষয়ে কী বার্তা দেন, সে দিকেই তাকিয়ে রয়েছেন বিজেপি নেতৃত্ব ও মতুয়া সমাজের একাংশ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটের আগে এই সভা বনগাঁ মহকুমার রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
বিজেপি সূত্রের খবর, বনগাঁ মহকুমার চারটি বিধানসভা কেন্দ্র থেকে প্রায় ১০ হাজার কর্মী-সমর্থককে ব্রিগেডের সভায় নিয়ে যাওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। মূলত ট্রেন ও বাসে করে কর্মী-সমর্থকদের কলকাতায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন বিধানসভা এলাকায় বাসের ব্যবস্থাও করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। দলীয় সূত্রে জানানো হয়েছে, বাগদা বিধানসভা কেন্দ্র থেকে ৪৩টি বাস, বনগাঁ উত্তর কেন্দ্র থেকে ৪৯টি বাস, বনগাঁ দক্ষিণ কেন্দ্র থেকে ৫২টি বাস এবং গাইঘাটা কেন্দ্র থেকে ৩১টি বাসের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়াও বহু কর্মী-সমর্থক ট্রেনে করে সভাস্থলে পৌঁছবেন বলেও জানা গিয়েছে।
বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিকাশ ঘোষ বলেন, “কর্মী-সমর্থকেরা মূলত ট্রেন ও বাসে করে ব্রিগেডে যাবেন। মহকুমার চারটি বিধানসভা থেকে প্রায় ১০ হাজার মানুষ সভায় যোগ দেবেন। এখনও পর্যন্ত বাসের ব্যবস্থা করতে কোনও সমস্যার সম্মুখীন হতে হয়নি।” বিজেপির ‘পরিবর্তন যাত্রা’ ইতিমধ্যেই উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা দুই জেলার মধ্যে দিয়ে গিয়েছে। ‘পরিবর্তন যাত্রা’ থেকেই প্রধানমন্ত্রীর সভায় কত লোকসমাগম হতে পারে তার একটা আন্দাজ করে নিয়েছেন স্থানীয় নেতারা। ব্যারাকপুর থেকেও লোকাল ট্রেন, বাস-সহ বেশ কিছু ভাড়া করা গাড়ি যাবে ব্রিগেডে, এমনটাই জানিয়েছেন বিজেপি নেতারা।
সুন্দরবনের গোসাবার বিজেপি কর্মীরা ভোরেই ভুটভুটিতে চেপে পৌঁছবেন গদখালিতে। সেখানে থাকা বাসে চেপে রওনা দেবেন ব্রিগেডে। পাশাপাশি ক্যানিং, বাসন্তী থেকেও বহু বিজেপি কর্মী বাস ও অন্য গাড়িতে ব্রিগেডে যাবেন। এ ছাড়াও বহু বিজেপি কর্মী ট্রেনে চেপে শিয়ালদহ হয়ে ব্রিগেডে যাবেন। দক্ষিণের বিজেপি নেতাদের বক্তব্য, পর্যাপ্ত বাস পাওয়া যাচ্ছে না। দলের জয়নগর সাংগঠনিক জেলার মুখপাত্র সঞ্জয় নায়েক বলেন, ‘‘প্রধানমন্ত্রীর সভায় যাওয়ার জন্য বিজেপি কর্মীরা মুখিয়ে রয়েছেন। কী বার্তা দেন প্রধানমন্ত্রী, তা জানতে সকলেই ব্রিগেডমুখী হতে চান। কিন্তু পর্যাপ্ত বাস, গাড়ি মিলছে না। ফলে একটা অনেক কর্মী ট্রেনে যাবেন।”
ব্রিগেডে যাওয়ার প্রস্তুতি তুঙ্গে উত্তরের সুন্দরবন ঘেঁষা অঞ্চলেও। বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার পক্ষ থেকে জানানো হয়েছে, বসিরহাট মহকুমা থেকে শনিবার ৫০টির বেশি বাসে কর্মীরা ব্রিগেডে যাবেন। সন্দেশখালি ও হিঙ্গলগঞ্জের উপকূলবর্তী এলাকা থেকে কর্মীদের পৌঁছে দিতে নদীপথে বেশ কয়েকটি নৌকোর ব্যবস্থাও করা হয়েছে বলে দলীয় সূত্রের খবর।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)