দক্ষিণ ২৪ পরগনায় গেরুয়াশিবিরে বড়সড় ভাঙন। কুলতলি বিধানসভায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন প্রায় ২ হাজার কর্মী এবং সমর্থক। বুধবার বিকালে শানকিজাহান খেয়াঘাটের মাঠে আয়োজিত সভায় ওই সব বিজেপি কর্মীদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন স্থানীয় বিধায়ক গণেশ মণ্ডল।
তৃণমূল শিবির সূত্রে জানা গিয়েছে, বুধবার তৃণমূলে নতুন যোগ দেওয়া কর্মীদের অধিকাংশই গোপালগঞ্জের বাসিন্দা। জোড়াফুল শিবিরের দাবি, শুধু কুলতলি নয়, রাজ্যে তৃতীয় বারের জন্য তাঁদের সরকার আসার পর থেকে গোটা জেলা জুড়েই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার ঢল নেমেছে। প্রসঙ্গত, দীর্ঘ ৪৪ বছর পর এই প্রথম সরকার পক্ষের বিধায়ক পেয়েছে কুলতলি।
বিজেপি অবশ্য স্বাভাবিক ভাবেই এ নিয়ে অভিযোগ তুলছে। দক্ষিণ ২৪ পরগনার পদ্মশিবিরের নেতা গোপাল মাঝির দাবি, ‘‘বিজেপি কর্মীদের মারধর করে এবং হুমকি দিয়ে তৃণমূল করতে বাধ্য করানো হচ্ছে। এই কাজই চলছে সর্বত্র৷ ভয় দেখিয়ে এ ভাবে রাজনীতি হয় না।’’ তবে পদ্মশিবিরের অভিযোগে আমল দিতে নারাজ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তাঁদের স্পষ্ট কথা, জোরাজুরি নয়, হাজার হাজার মানুষের এই যোগদান স্বতঃস্ফূর্ত।