E-Paper

হাজির সিবিআই, এলেন না আখতার

রবিবার আখতারের খোঁজে হাওড়ায় তাঁর দু’টি বাড়িতে হাজির হয়েছিল সিবিআই। কিন্তু আখতারের দেখা পাওয়া যায়নি। আখতার কোথায় আছেন, তার হদিস দিতে পারেননি আত্মীয়েরাও। তাঁর দু’টি মোবাইল ফোনও বন্ধ ছিল।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৩৯
আখতার আলি।

আখতার আলি। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পরেও আরজি কর দুর্নীতি মামলায় সোমবার রাত পর্যন্ত অধরা ওই হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি। সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই মামলার সিবিআইয়ের তদন্তকারী অফিসার শেখ ইমরান আশিক আলিপুর বিশেষ সিবিআই কোর্টে অভিযুক্ত আখতারের অপেক্ষায় বসে ছিলেন। কিন্তু আখতারের দেখা মেলেনি। প্রসঙ্গত, শুক্রবার গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল কোর্ট। শনিবার দুপুরে আখতার কোর্টে আত্মসমর্পণ করতে হাজির হয়েছিলেন। কিন্তু সে দিন বিচারক এবং আইনজীবী হাজির না-থাকায় ফিরে গিয়েছিলেন তিনি। সূত্রের খবর, কোর্ট থেকে ট্যাক্সি চেপে একবালপুরের দিকে যেতে দেখা গিয়েছিল তা‌ঁকে।

শনিবার কোর্ট চত্বর ছাড়া আগে আখতার সংবাদমাধ্যমকে বলেছিলেন যে সোমবার তিনি কোর্টে আত্মসমর্পণ করবেন। এ দিন সেই মতো সিবিআইয়ের তদন্তকারী অফিসার, সিবিআইয়ের কৌঁসুলি এবং সন্দীপ ঘোষ-সহ পাঁচ অভিযুক্তের আইনজীবীরা হাজির হয়েছিলেন। কিন্তু আখতার আসেননি।

সূত্রের খবর, রবিবার আখতারের খোঁজে হাওড়ায় তাঁর দু’টি বাড়িতে হাজির হয়েছিল সিবিআই। কিন্তু আখতারের দেখা পাওয়া যায়নি। আখতার কোথায় আছেন, তার হদিস দিতে পারেননি আত্মীয়েরাও। তাঁর দু’টি মোবাইল ফোনও বন্ধ ছিল।

সিবিআইয়ের এক কর্তার কথায়, ‘‘আখতারের খোঁজ করা হচ্ছে। সোমবার তিনি আদালতে হাজির থাকবেন বলে জানিয়েছিলেন। তাই তদন্তকারী অফিসার আদালতে উপস্থিত ছিলেন। আখতারের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’

এ দিন সন্দীপ ঘোষের আইনজীবী সঞ্জয় দাশগুপ্ত বলেন, ‘‘সিবিআই ও আখতারের লুকোচুরি খেলায় বিচার প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। মাস দু’য়েক আগে আখতার ও তাঁর ঘনিষ্ঠ ব্যবসায়ীর বিরুদ্ধে চার্জশিট পেশ করেছিল সিবিআই। তারপরই সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া বন্ধ করা হয়। আখতার কলকাতা হাই কোর্টে আগাম জামিনের আবেদন করেন। দেড় মাস পরে তার শুনানি হয়। হাই কোর্ট সেই আর্জি খারিজ করল। নিম্ন আদালত পরোয়ানা জারি করল। এ বার শুরু হয়েছে লুকোচুরি খেলা।’’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

RG Kar Financial Irregularity RG Kar Medical College and Hospital Incident akhtar ali cbi interrogation CBI Investigation CBI Court

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy