E-Paper

‘অন্নপূর্ণা’র টাকা বৃদ্ধের অ্যাকাউন্টে

নদিয়ার ভীমপুর থানার চাঁদপুরের বছর চুয়াত্তরের সঞ্জিত বিশ্বাসের দাবি, তাঁর অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার তিন হাজার টাকা ঢুকেছে। যদিও তিনি সেই টাকা তোলেননি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ জুন ২০২৬ ০৮:৫২

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পে বহু পুরুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকার অভিযোগ আগেই উঠেছিল। গ্রেফতারও হয়েছেন অনেকে। এ বার বিজেপি সরকারের নতুন প্রকল্প ‘অন্নপূর্ণা যোজনা’র টাকাও এক বৃদ্ধের অ্যাকাউন্টে ঢোকার অভিযোগ উঠল।

নদিয়ার ভীমপুর থানার চাঁদপুরের বছর চুয়াত্তরের সঞ্জিত বিশ্বাসের দাবি, তাঁর অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার তিন হাজার টাকা ঢুকেছে। যদিও তিনি সেই টাকা তোলেননি। নদিয়ার কৃষ্ণনগর ১ বিডিও রঞ্জন সর্দার বলেন, “সম্ভবত কোনও ভুলেই এমনটা ঘটেছে। ভাল করে খোঁজ নেওয়ার জন্য সঞ্জিত বিশ্বাসের বাড়িতে লোক পাঠানো হচ্ছে। প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।”

রাজ্য প্রশাসনের তরফে আবেদনকারীদের বৈধতা যাচাই করে বুধবার থেকেই তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার তিন হাজার টাকা করে দেওয়া শুরু হয়েছে। সঞ্জিত বিশ্বাস জানান, বৃহস্পতিবার তিনি গ্রামের একটি গ্রাহক পরিষেবা কেন্দ্রে বার্ধক্য ভাতার টাকা তুলতে গিয়েছিলেন। তাঁর অ্যাকাউন্টে ৭৯৯ টাকা ছিল। দু’মাসের বার্ধক্য ভাতা বাবদ দু’হাজার টাকা ঢুকলে সেখানে দুই হাজার ৭৯৯ টাকা থাকার কথা। তাঁর দাবি, “দেখি, অ্যাকাউন্টে ৫ হাজার ৭৯৯ টাকা রয়েছে। বাকি তিন হাজার টাকা এল, কোথা থেকে সেটা বুঝতে পারছিলাম না। গ্রাহক পরিষেবা কেন্দ্রের কর্মী আমার আধার কার্ডের নম্বর দিয়ে খুঁজে জানায়, টাকাটা অন্নপূর্ণা যোজনা বাবদ ঢুকেছে।”

সম্প্রতি পশ্চিম মেদিনীপুরের পিংলায় প্রায় সত্তর পেরনো এক বৃদ্ধের অ্যাকাউন্টে বিধবা ভাতার টাকা ঢোকা নিয়ে শোরগোল পড়ে। গ্রেফতারও হয়েছেন তিনি।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Annapurna Yojana Annapurna Bhandar Scheme West Bengal government BJP

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy