ভাষা শহিদ স্মারক সমিতির আসানসোল আঞ্চলিক পরিষদের উদ্যোগে তিন দিনের বঙ্গ সংস্কৃতি উৎসব শুরু হয়েছে আসানসোলের রবীন্দ্র ভবনে। তিন দিনের এই উৎসব শেষ হবে আজ, রবিবার। শুক্রবার উদ্বোধন করেন জাতীয় গ্রন্থাগার ও যাদুঘরের প্রাক্তন কর্তা শ্যামলকান্তি চক্রবর্তী।
প্রথম দিন সমবেত সঙ্গীত পরিবেশন করেন সংগঠনের সদস্যেরা। ‘কথা ও সুর’ শীর্ষক গীতি আলেখ্য এবং রঞ্জিত দাস ও সম্প্রদায়ের বাউল গান পরিবেশন হয়। শনিবার, দ্বিতীয় দিনে সমবেত সঙ্গীত, দেবেশ ঠাকুরের আবৃত্তি ও ‘অন্ধযুগ’ নাটক মঞ্চস্থ করে ‘এবং আমরা’ নাট্যগোষ্ঠী। শেষ দিনে নৃত্যানুষ্ঠানের পরে থাকছে ইমন চক্রবর্তীর গান। ষোলো বছরে পা রাখা এই উৎসবের ব্যানার দেখে উদ্বোধনী অনুষ্ঠানে শ্যামলকান্তিবাবু বলেন, “আমাদের আরও বাঙালি হয়ে উঠতে হবে। আমরা ষোড়শ বলি, কখনও ষষ্ঠদশ বলি না।” অনুষ্ঠানে ছিলেন আসানসোল পুরসভার চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সম্পাদক চিত্রা লাহিড়ি, কবি দীপক লাহিড়ি ও শিল্পী সত্যেন গঙ্গোপাধ্যায় প্রমুখ। সমিতির আঞ্চলিক পরিষদের সভাপতি প্রতিভারঞ্জন মুখোপাধ্যায় বলেন, “দেখতে-দেখতে ষোল বছরে পৌঁছেছি। আরও অনেক দূর যেতে চাই।”