Advertisement
E-Paper

বাজেট অধিবেশনের আগেই ঠিক হয়ে গেল বিধানসভায় শাসক বিজেপির মুখ্যসচেতকের নাম, কে বসবেন এই পদে ?

নবান্ন সূত্রে খবর, বিজেপি পরিষদীয় দলের মুখ্যসচেতক পদে বসানো হচ্ছে ইংরেজবাজারের প্রথম বারের বিধায়ক অম্লান ভাদুড়িকে। যদিও, প্রশাসনিক মহলের ধারণা ছিল, কোনও অভিজ্ঞ বিধায়ককেই এই পদে বসানো হবে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ জুন ২০২৬ ১২:৫৬
BJP mla Amlan Bhaduri will be the government chief whipe

শুভেন্দুর সরকারের প্রথম বাজেটের আগে দলের মুখ্যসচেতকের নাম ঠিক করে ফেলল পদ্ম শিবির। —ফাইল চিত্র।

আগামী বৃহস্পতিবার থেকে শুরু হতে চলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেট অধিবেশন। তার আগে বিজেপি পরিষদীয় দলের মুখ্যসচেতকের নাম ঠিক করে ফেলল পদ্ম শিবির। নবান্ন সূত্রে খবর, বিজেপি পরিষদীয় দলের মুখ্যসচেতক পদে বসানো হচ্ছে, ইংরেজবাজারের প্রথম বারের বিধায়ক অম্লান ভাদুড়িকে। যদিও, প্রশাসনিক মহলের ধারণা ছিল, কোনও অভিজ্ঞ বিধায়ককেই এই পদে বসানো হবে। কিন্তু শেষমেশ মালদহ জেলার এই যুব নেতার কাঁধেই আস্থা রাখতে চলেছেন বিজেপি পরিষদীয় দল। পরিষদীয় দলের সিদ্ধান্ত অনুযায়ী ইতিমধ্যে অম্লানের নাম অনুমোদনের জন্য ফাইল পাঠানো হয়েছে নবান্নে। সেখান থেকে অনুমোদন পেয়ে গেলেই দায়িত্ব বুঝে নেবেন ইংরেজবাজারের এই বিধায়ক। ‌

প্রসঙ্গত, রাজ্যে ক্ষমতা দখলের ক্ষেত্রে বিজেপি-কে বিশেষ ভাবে সহায়তা করেছে উত্তরবঙ্গ। তাই রাজ্যে ক্ষমতা বণ্টনের ক্ষেত্রে উত্তরবঙ্গকে গুরুত্ব দিচ্ছে বিজেপি নেতৃত্ব। সেই পর্যায়ে কোচবিহার দক্ষিণের বিধায়ক রথীন্দ্র বসুকে স্পিকার পদ দেওয়া হয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত বিধায়কদের গুরুত্বপূর্ণ দফতরের মন্ত্রী করা হয়েছে। মাথাভাঙার বিধায়ক নিশীথ প্রামাণিককে উত্তরবঙ্গ উন্নয়ন, তুফানগঞ্জের বিধায়ক মালতী রাভা রায়কে নারী শিশু সমাজকল্যাণ দফতর, ফালাকাটার বিধায়ক দীপক বর্মণকে স্কুল শিক্ষা দফতর, মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মণকে পরিবহণ ও অর্থ দফতরের রাষ্ট্রমন্ত্রী, হবিবপুরের বিধায়ক জুয়েল মুর্মুকে অনগ্রসর সম্প্রদায় দফতরের প্রতিমন্ত্রীর মতো পদ দেওয়া হয়েছে। বিজেপির অন্দরে খবর, উত্তরবঙ্গের অন্য জেলা থেকে মন্ত্রিসভায় প্রতিনিধিত্বের সংখ্যার তুলনায় মালদা জেলা থেকে মন্ত্রিসভায় একমাত্র মুখ জুয়েল মুর্মু। এই জেলায় ১২টি আসনের মধ্যে ৬টি আসনেই এ বছর জিতেছে বিজেপি। অম্লান ভাদুড়ির নাম মুখ্যসচেতক হিসাবে বিবেচনার ক্ষেত্রে এই সমীকরণও মাথায় রেখেছেন বিজেপি রাজ্য নেতৃত্ব।

প্রসঙ্গত, বিধানসভার অধিবেশন চলার সময় মুখ্যসচেতকের ভূমিকা থাকে গুরুত্বপূর্ণ। কোন বিধায়ক কত সময় বলবেন, তা নির্ধারণে মুখ্যসচেতকের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। মন্ত্রীদের প্রশ্নোত্তর পর্বের সময়ও নির্ধারিত করতে হয় তাঁকেই। এমনকি, মুখ্যমন্ত্রীর বলার সময় বরাদ্দ হয় তাঁর দফতর থেকে। বিগত তৃণমূল জমানায় প্রথম পাঁচ বছর এই দায়িত্ব পালন করেছিলেন বালিগঞ্জের বর্তমান বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। শেষ দশ বছর এই দায়িত্বে ছিলেন পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ। বাম জমানাতেও অভিজ্ঞ বিধায়কদের এই দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু বিজেপি পরিষদীয় দল এ ক্ষেত্রে আস্থা রেখেছে নতুন বিধায়কের উপরেই।

Chief Whip West Bengal Legislative Assembly
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy