রাজ্য বিজেপির ‘পরিবর্তন যাত্রা’ কর্মসূচির সমাপ্তিতে ১৫ মার্চ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাতে ব্রিগেড ময়দানে সভা করতে আসেন, সে জন্য তোড়জোড় শুরু করেছিল রাজ্য বিজেপি। তবে দলীয় সূত্রে খবর, ১৪ তারিখই ব্রিগেডে সভা করতে পারেন প্রধানমন্ত্রী। তা উপলক্ষে শনিবার ব্রিগেডে যজ্ঞ ও ভূমি-পুজো করেছে দল। ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব, রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী, দলের নেতা তমোঘ্ন ঘোষ প্রমুখ। এই পুজো ঘিরেও শুরু হয়েছে রাজনৈতিক তরজা। রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর কটাক্ষ, “আমরা ভিত, খুঁটি বা জমি পুজো করি। ওঁরা বলছেন ‘ভূমি পূজন’। অর্থাৎ শব্দের অনুষঙ্গে উত্তর ভারতীয় রীতি। ওঁরা পরিযায়ী আচার বাংলার উপরে চাপাতে চাইছেন।” যদিও রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকারের পাল্টা বক্তব্য, “ভারত ও বাংলার সাংস্কৃতিক পরম্পরা অনুযায়ী ভূমি পূজন হয়েছে।”
এ দিকে, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংসদীয় ক্ষেত্র ডায়মন্ড হারবারে এ দিনও বিজেপি ‘পরিবর্তন যাত্রা’ করেছে। ছিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, অভিনেতা মিঠুন চক্রবর্তী প্রমুখ। কারও নাম না-করে বিপ্লবের কটাক্ষ, “ভাইপো পিছনের দরজা দিয়ে সরকার চালানোর কাজ করেছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলছেন, এই ভূমি আমার ভাইপোর ভূমি!” পাশাপাশি, কর্মসংস্থান, নারী নিরপত্তার পরিস্থিতি-সহ নানা প্রশ্নে রাজ্য সরকারকে বিঁধেছেন বিজেপি নেতৃত্ব।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)