E-Paper

বাংলার গৌরব ফেরাতে শিক্ষকদের বার্তা শমীকের

শমীক বলেছেন, “আমরা পশ্চিমবঙ্গের হৃত-গৌরব ফেরাতে চাই। বিনিয়োগ বাড়ানোর কথা বলছি। এই সমাজে শিক্ষকদের ভূমিকা রয়েছে। আমরা কী করতে চাইছি, সেটা মানুষের কাছে পৌঁছে দিতে হবে।”

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ জুলাই ২০২৬ ০৬:৫৩
শমীক ভট্টাচার্য।

শমীক ভট্টাচার্য। — ফাইল চিত্র।

নির্বাচনী প্রচারে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। রাজ্যে পালাবদলের পরে এ বার সেই ‘সোনার বাংলা’ নির্মাণের লক্ষ্যে শিক্ষকদের শামিল হওয়ার বার্তা দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। একই সঙ্গে, শিক্ষায় গৈরিকীকরণের যে অভিযোগ বিরোধীরা ধারাবাহিক ভাবে তুলছে, সেই প্রেক্ষিতে দেশের নানা ঐতিহ্যের কথা তুলে ধরে শমীকের দাবি, তাঁরা পৃথিবীর ইতিহাস বদলাতে চান!

আলিপুরে জাতীয় গ্রন্থাগারের ভাষা ভবনে মঙ্গলবার বিজেপির শিক্ষক সেলের কর্মসূচিতে যোগ দিয়ে শমীক বলেছেন, “আমরা পশ্চিমবঙ্গের হৃত-গৌরব ফেরাতে চাই। বিনিয়োগ বাড়ানোর কথা বলছি। এই সমাজে শিক্ষকদের ভূমিকা রয়েছে। আমরা কী করতে চাইছি, সেটা মানুষের কাছে পৌঁছে দিতে হবে।” এই সূত্রেই দলীয় শিক্ষক সংগঠনের নেতাদের কাছে শমীকের বার্তা, “সব প্রশ্নের উত্তরে ‘জয় শ্রীরাম’ বা তৃণমূল কংগ্রেসের ১৫ বছরের ইতিহাস নয়। মানুষ তা জানেন বলেই সচেতন ভাবে আমাদের ভোট দিয়েছেন।” পাশাপাশি, পাঠ্যক্রমে বিভিন্ন বিষয় যোগ-বিয়োগের নিরিখে ইতিহাস-বিকৃতির যে অভিযোগ বিজেপির বিরুদ্ধে ধারাবাহিক ভাবে উঠছে, তা নিয়েও মুখ খুলেছেন শমীক। অঙ্কর, ওষুধ, ব্যাকরণ-সহ নানা ক্ষেত্রে ভারতের ঐতিহ্যের কথা স্মরণ করিয়ে দিয়ে শমীক বলেছেন, “আমরা শুধু ভারতের নয়, গোটা পৃথিবীর ইতিহাস বদলাতে চাই! কারণ, এখনও অনেক ভ্রান্ত ধারণা আছে। কিছু লেখক নিজেদের মতো করে মানব সভ্যতার গতিপথ বদলেছেন। সেই বিষয়গুলি মানুষকে জানানো আমাদের দায়িত্ব।”

ভোটের ফলপ্রকাশের পরে বিজেপির তৃণমূলীকরণ হতে দেবেন না বলে যে বার্তা দিয়েছিলেন, এ দিনও তার প্রতিধ্বনি করে শমীক বলেছেন, “কিছু লোক এ-দিক ও-দিক গিয়ে পরিস্থিতি ম্যানেজ করার চেষ্টা করছেন, ফল বেরোনোর এক মাসের মধ্যে বিজেপির জয় নিয়ে মোটা বই লিখে ফেলেছেন। এই সব করে লাভ নেই। কাককে কখনও পায়রার মতো দেখতে লাগবে না।”

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

BJP WB Teachers

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy