ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) প্রক্রিয়ায় ‘দ্য টেলিগ্রাফে’র প্রাক্তন সম্পাদক রাজাগোপাল রামদাসের নাম বাদ যাওয়ায় তাঁর পাসপোর্ট নবীকরণ হয়নি বলে অভিযোগ। এই নিয়ে সরব হল কংগ্রেস ও বাম। কলকাতায় দলের কর্মসূচিতে এসে রাজাগোপালের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করলেন এআইসিসি-র সাধারণ সম্পাদক (সংগঠন) কে সি বেণুগোপাল, দলের নেত্রী দীপা দাশমুন্সী। বেণুগোপাল মঙ্গলবার বলেছেন, “২০১০ থেকে রাজাগোপালের নাম কলকাতার ভোটার তালিকায় আছে। এসআইআর-এ ২০০২ সালকে ভিত্তিবর্ষ হিসাবে ধরায় এবং মাধ্যমিকের মার্কশিটে সামান্য ভুলের ‘অজুহাত’ দেখিয়ে ভোটার তালিকা থেকে রাজাগোপালের নাম বাদ যায়। পাসপোর্ট নবীকরণের আবেদনও খারিজ হয়েছে।” বেণুগোপালের সংযোজন, “এটা প্রতিহিংসার রাজনীতি। কারণ, তিনি এক জন নির্ভীক সাংবাদিক।” সমস্যা সমাধানের দাবিতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি দিয়েছেন কেরলের কংগ্রেসের মুখ্যমন্ত্রী ভি ডি সতীশন। একই বিষয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে লিখিত আবেদন করে কেরলের সিপিএম সাংসদ জন ব্রিটাসও বলেছেন, ‘রাজাগোপাল অনেক আগে থেকেই পাসপোর্টধারী। ২০১৫-এ সেই পাসপোর্ট নবীকরণও হয়েছিল। তাঁর নাগরিকত্ব সম্পর্কে নিশ্চিত হয়েই তাঁকে পাসপোর্ট দিয়েছিলেন পাসপোর্ট কর্তৃপক্ষ। তা হলে আচমকা পাসপোর্ট নবীকরণের আবেদন বাতিল হল কেন?’ সিপিআই (এম-এল) লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্যও বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)