E-Paper

জামিনের আবেদন খারিজ, পুলিশি হেফাজতেই স্বরূপ

প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপকে মঙ্গলবার রিজেন্ট পার্ক থানার একটি আর্থিক দুর্নীতির মামলায় পুলিশি হেফাজত থেকে আদালতে পেশ করা হয়। ওই মামলায় তাঁর জেল হেফাজতের আবেদন করেন সরকারি আইনজীবী।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ জুলাই ২০২৬ ০৭:৩৫
স্বরূপ বিশ্বাস।

স্বরূপ বিশ্বাস। — ফাইল চিত্র।

আর্থিক দুর্নীতির মামলায় ধৃত স্বরূপ বিশ্বাসকে ফের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিল আলিপুরের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালত।

প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপকে মঙ্গলবার রিজেন্ট পার্ক থানার একটি আর্থিক দুর্নীতির মামলায় পুলিশি হেফাজত থেকে আদালতে পেশ করা হয়। ওই মামলায় তাঁর জেল হেফাজতের আবেদন করেন সরকারি আইনজীবী। বিচারক তা মঞ্জুর করেছেন। এর পরে রিজেন্ট পার্ক থানারই আর একটি মামলায় স্বরূপকে ‘শোন অ্যারেস্ট’ (একটি মামলায় জেল হেফাজতে থাকা অভিযুক্তকে আর একটি মামলায় গ্রেফতার) দেখানোর আবেদন করেন সরকারি আইনজীবী সাজ্জাদ আলি খান। তিনি বলেন, ‘‘টালিগঞ্জ ইন্ডাস্ট্রির মেক-আপ শিল্পী সংগঠনের তরফে অভিযোগ, তাঁদের পারিশ্রমিকের ২ শতাংশ স্বরূপ ও তাঁর ঘনিষ্ঠদের হাতে তুলে দিতে হত। এ ভাবে তাঁরা এক কোটি টাকারও বেশি নিয়েছিলেন বলে রিজেন্ট পার্ক থানায় অভিযোগ দায়ের হয়েছে। গুরুতর অভিযোগের তদন্তের স্বার্থে স্বরূপকে হেফাজতে নেওয়া প্রয়োজন। তাই পুলিশি হেফাজতের আবেদন করা হচ্ছে।’’

অভিযুক্তের আইনজীবী ওই মামলায় জামিনের আবেদন করে বলেন, ‘‘আমার মক্কেল ওই দুর্নীতিতে সরাসরি জড়িত নন। অভিযোগকারীরা জানিয়েছেন, পারিশ্রমিকের একটি অংশ স্বরূপ-ঘনিষ্ঠদের দিতে বাধ্য হয়েছেন। কিন্তু আমার মক্কেল ওই দুর্নীতি থেকে কোনও ভাবেই লাভবান হননি। তাঁর জামিন মঞ্জুর করা হোক।’’ তবে বিচারক ওই মামলায় স্বরূপের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বলে আদালত সূত্রের খবর।

প্রসঙ্গত, নিউ আলিপুর থানায় একটি এবং রিজেন্ট পার্ক থানায় তিনটি— এখনও পর্যন্ত স্বরূপ মোট চারটি মামলায় অভিযুক্ত। এর মধ্যে তিনটি মামলায় জেল হেফাজতে রয়েছেন তিনি। মঙ্গলবার আরও এক আর্থিক দুর্নীতির মামলায় পুলিশি হেফাজতে নিয়ে যাওয়া হয় তাঁকে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Swarup Biswas TMC Alipore Court

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy