Advertisement
E-Paper

টুকরো খবর

লোকসভা ভোটের ফলে এ রাজ্যে দলের জন্য আশার আলো দেখতে পেয়েছেন বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্ব। তাই সময় নষ্ট না করে রাজ্য নেতৃত্বকে এখন থেকেই ২০১৬-র বিধানসভা ভোটের প্রস্তুতি নেওয়ার নিদের্শ দিয়েছেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।

শেষ আপডেট: ০৭ অগস্ট ২০১৪ ০৩:১৫

নজর বাংলায়, রাজ্যে আসছেন জেটলি-অমিত
নিজস্ব সংবাদদাতা • কলকাতা

লোকসভা ভোটের ফলে এ রাজ্যে দলের জন্য আশার আলো দেখতে পেয়েছেন বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্ব। তাই সময় নষ্ট না করে রাজ্য নেতৃত্বকে এখন থেকেই ২০১৬-র বিধানসভা ভোটের প্রস্তুতি নেওয়ার নিদের্শ দিয়েছেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। এ বার শিলিগুড়িতে ৬ এবং ৭ সেপ্টেম্বর দলের রাজ্য কমিটির বৈঠকে নিজেই থাকবেন অমিত। দু’দিনের বৈঠকে থাকার পাশাপাশিই ৭ সেপ্টেম্বর শিলিগুড়ির বাঘাযতীন পার্কে সভাতেও বক্তৃতা করার কথা। দলের রাজ্য সভাপতি রাহুল সিংহের অনুরোধে সাড়া দিয়ে ৩০ নভেম্বর ধর্মতলায় ‘উত্থান দিবসে’র সমাবেশেও আসবেন অমিত। তাঁর আগেই রাজ্যে আসছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। বিজেপি-র উদ্যোগে বিদ্বজ্জন সম্মেলনে যোগ দিতে ২৪ অগস্ট তাঁর কলকাতায় আসার কথা। পশ্চিমবঙ্গে দলের ভবিষ্যৎ সম্ভাবনা নজরে রেখে কেন্দ্রীয় নেতৃত্ব এখন রাজ্যে যে বিশেষ গুরুত্ব দিচ্ছেন, জেটলি-অমিতদের সফরসূচি তেমনই ইঙ্গিত দিচ্ছে। রাহুলবাবু জানিয়েছেন, অমিত তাঁকে নির্দেশ দিয়েছেন ২০১৬-র বিধানসভা ভোটকে পাখির চোখ করেই পরিকল্পনা তৈরি করতে। মাঝে কলকাতা-সহ পুরভোট। সেই নির্বাচনকেও মহড়া হিসাবে মাথায় রাখতে বলেছেন। রাজনৈতিক কর্মসূচির বাইরেও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন সংসদের অধিবেশন শেষ হওয়ার পরে রাজ্যের এনসেফ্যালাইটিস আক্রান্ত এলাকা পরিদর্শনে আসতে পারেন।

জেসপ খোলার ইঙ্গিত দিল রাজ্য
নিজস্ব সংবাদদাতা • কলকাতা

দমদমের জেসপ কারখানার দরজা শীঘ্রই খুলবে বলে আশা করছে রাজ্য।বুধবার শ্রমমন্ত্রী মলয় ঘটক বলেন, “জেসপ খোলা নিয়ে আমি আশাবাদী।” শ্রম দফতর সূত্রেও খবর, এ নিয়ে রাজ্য সরকারের সঙ্গে চুক্তি হয়েছে রুইয়া গোষ্ঠীর সংস্থাটির। সে ক্ষেত্রে খুব শীঘ্রই কলকাতার ওই বন্ধ ইঞ্জিনিয়ারিং সংস্থা ফের চালু হয়ে যাবে বলে মনে করছে তারা।শ্রম দফতর সূত্র জানিয়েছে, দু’পক্ষের মধ্যে হওয়া চুক্তি অনুযায়ী, সংস্থা খোলার পর বকেয়া এক মাসের বেতন পাবেন কর্মীরা। দ্বিতীয় মাসে মিলবে আরও এক মাসের বকেয়া। ওই দু’মাসে কারখানা রক্ষণাবেক্ষণের কাজ চলবে। ওই কাজের জন্য এক জন কর্মী পাবেন অতিরিক্ত ১৫ দিনের বেতন। পাশাপাশি ঠিক হয়েছে, ৬১টি দিনের মাথা থেকে মোট ২০টি কিস্তিতে কর্মীদের বকেয়া মেটানো হবে। আশার আলো রুইয়াদের অন্য সংস্থা ডানলপের সাহাগঞ্জ কারখানা ঘিরেও। আগামী ১৯ তারিখ রাজ্যের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট সূত্রের খবর, ঠিক হয়েছে গত ২০০৩-’০৪ সালে যাঁরা অবসর নিয়েছেন, প্রতি সপ্তাহে তাঁদের নতুন ২০০ জনকে বকেয়া প্রভিডেন্ট ফান্ডের টাকা মেটানো হবে। রাজ্যের বন্ধ হয়ে যাওয়া আর এক সংস্থা শালিমার পেন্টস এই বছর এবং আগামী বছর মিলিয়ে মোট ২৮ জনকে আগাম স্বেচ্ছাবসর (ইআরএস) দেবে। শ্রম দফতর সূত্রে খবর, ৪০ জন কর্মী বন্ধ থাকা অবস্থায় হাওড়ার শালিমার কারখানায় কাজ ফিরে পাবেন। বাকিদের বদলি করা হবে।

কান্দি-মামলায় অবশেষে আটক প্রধান অভিযুক্ত

কান্দিতে কলকাতার কিশোরীর নিখোঁজ হওয়ার যে মামলায় পুলিশি নিষ্ক্রিয়তায় তোপ দেগেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি নাদিরা পাথেরিয়া, সেই মামলায় মূল অভিযুক্ত অজয় দলুইকে বুধবার আটক করল পুলিশ। সাগরদিঘির রামনগর গ্রাম থেকে কান্দির মহালন্দি গ্রামের আদি বাসিন্দা অজয়ের সন্ধান মেলে। মেয়েটির পরিবারের দাবি, এ দিন তাদের বাড়িতে এসে কলকাতার লেদার কমপ্লেক্স থানার এক অফিসারকে ফোন করে অজয় দলুইয়ের মোবাইল নম্বর এবং ঠিকানা জোগাড় করেন কান্দি থানার আইসি সুনয়ন বসু। সেই সূত্র ধরেই অজয়ের খোঁজ মেলে। সুনয়নবাবু অবশ্য এ দাবি মানেননি। এ দিন অজয়কে জেরা করেন মুর্শিদাবাদের জেলা পুলিশ সুপার হুমায়ুন কবীর। তিনি বলেন, “অজয়কে আটক করা হয়েছে। জেরায় অজয়ের দেওয়া প্রতিটি তথ্য যাচাই করা হচ্ছে।” জেলা পুলিশের এক কর্তা জানান, জেরায় তারা জেনেছেন অপহৃত মেয়েটির সঙ্গে অজয়ের আত্মীয়তার সম্পর্ক রয়েছে।

ফের বাস ধর্মঘটের হুমকি

গত এক বছরে তিন বার ধর্মঘট ডেকেও বাস-মালিকেরা শেষ মুহূর্তে পিছিয়ে এসেছিলেন। ভাড়া বৃদ্ধির দাবিতে আবার ধর্মঘটের হুমকি দিলেন তাঁরা। বুধবার ছ’টি মালিক সংগঠন বৈঠক করে ঘোষণা করেছে, সরকার ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত ঘোষণা না-করলে ২০-২২ অগস্ট, ৭২ ঘণ্টা বাস ধর্মঘট করবে তারা। গত ২৫ থেকে ২৭ জুন ধর্মঘটের ডাক দিলেও মন্ত্রী-বিধায়ক কমিটি গঠনের সিদ্ধান্তের পরেই তারা তা তুলে নিয়েছিল। বাস-মালিকদের বক্তব্য, ওই কমিটি ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত নেবে বলে আশা করেছিলেন তাঁরা। বাস-মালিক সংগঠনের এক নেতার দাবি, মন্ত্রী প্রথমে তাঁদের বলেন, ১ অগস্টের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবে। ১ অগস্ট বলেন, দু’-এক দিনের মধ্যে সরকার সিদ্ধান্ত নেবে। সংগঠন ৬ তারিখ পর্যন্ত অপেক্ষা করেছে। “কিন্তু সরকার কোনও সিদ্ধান্ত না-নেওয়ায় বাধ্য হয়ে আমরা ধর্মঘটের ডাক দিয়েছি,” বলেন ওই নেতা। ধর্মঘটের বিরোধিতায় পরিবহণমন্ত্রী মদন মিত্র বলেন, “ওঁদের হুমকি আমাকে বিস্মিত করেছে। বাস-মালিকদের এই আচরণ সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। ওঁরা ধর্মঘট করলে সরকার জানে, কী ভাবে জনজীবন সচল রাখতে হয়।”

দলের স্বার্থে সন্ধি

দল ভেঙে যাওয়ার আশঙ্কা ঠেকাতে একমাত্র সাংসদ এন কে প্রেমচন্দ্রনের নেতৃত্বে বিদ্রোহী কেরল শাখার সঙ্গে সন্ধি করল আরএসপি। বিষয়টি ঝুলিয়ে রাখা হল আগামী পার্টি কংগ্রেস পর্যন্ত। তিরুঅনন্তপুরমে কেন্দ্রীয় কমিটির বৈঠকে প্রেমচন্দ্রনেরা সওয়াল করেছেন, কেরলের পরিস্থিতির প্রেক্ষিতে কংগ্রেসের সঙ্গে তাঁদের নির্বাচনী সমঝোতা হয়েছিল। এর জন্য তাঁদের বিরুদ্ধে দল যাতে ব্যবস্থা না নেয়, সেই আর্জি জানান কেরলের নেতারা। আরএসপি-র কেন্দ্রীয় নেতৃত্ব তাঁদের বলেছেন, কংগ্রেসের তাঁবেদারির বাইরে পৃথক আন্দোলন-কর্মসূচি নিয়ে দেখাতে হবে প্রেমচন্দ্রনকে।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy