E-Paper

রাষ্ট্রপতিকে বঙ্গে আসার আমন্ত্রণ মুখ্যমন্ত্রীর

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের সঙ্গে দেখা করতে তাঁর বাড়ি যান শুভেন্দু। বাংলাদেশে ক্ষমতা পরিবর্তন ও উত্তর-পূর্ব ভারতে চিনের নজরদারি বাড়ার কারণে ওই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ মে ২০২৬ ০৯:৪৯
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। — ফাইল চিত্র।

ভোটের ঠিক আগে, গত মার্চ মাসে, পশ্চিমবঙ্গ সফররত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে অসৌজন্য দেখানোর অভিযোগ উঠেছিল তৎকালীন শাসক দল তৃণমূলের সরকারের বিরুদ্ধে। আজ মুখ্যমন্ত্রী হওয়ার পরে রাষ্ট্রপতির সঙ্গেদেখা করে দ্রৌপদী মুর্মুকে পশ্চিমবঙ্গ সফরে আসার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পরে সমাজমাধ্যমে তিনি লেখেন, ‘রাজ্যের নতুন সরকার আপনার অতীত সফরের বেদনাদায়ক স্মৃতি মুছে ফেলতে বদ্ধপরিকর।’

সদ্য সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলেই শুধু নয়, মাদ্রাসাতেও বন্দে মাতরম্‌ গাওয়া বাধ্যতামূলক করেছেন নতুন মুখ্যমন্ত্রী। পাশাপাশি এ বছরেই, বন্দে মাতরম্‌ গানের দেড়শো বছর পূর্তি হচ্ছে। তাই আজ প্রধানমন্ত্রীনরেন্দ্র মোদী, বিজেপি সভাপতি নিতিন নবীন, দলের সাধারণ সম্পাদক সুনীল বনসল, উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণনের হাতে বন্দে মাতরম্‌ গানের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতিকৃতি তুলে দেন শুভেন্দু। গত কাল রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও ওই ছবি উপহার দেন তিনি। ছবিগুলি এঁকেছেন শিল্পী ধনঞ্জয় চক্রবর্তী।

আজ সকালে প্রথমে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের সঙ্গে দেখা করতে তাঁর বাড়ি যান শুভেন্দু। বাংলাদেশে ক্ষমতা পরিবর্তন ও উত্তর-পূর্ব ভারতে চিনের নজরদারি বাড়ার কারণে ওই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। রাজনাথকে একাধিক বই উপহার দেন শুভেন্দু। এর পরে দলীয় দফতরে দলের সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের সঙ্গে দেখা করেন শুভেন্দু। বৈঠক চলে প্রায় এক ঘণ্টা। সূত্রের মতে, রাজ্যে দলীয় শক্তি বৃদ্ধি, মন্ত্রিসভার সম্প্রসারণ নিয়ে আলোচনা করেন দু’জনে। এর পরে দলীয় দফতরে সাধারণ সম্পাদক সুনীল বনসলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে রাষ্ট্রপতি ভবনে যান শুভেন্দু। রাষ্ট্রপতিকে পশ্চিমবঙ্গে আসার আমন্ত্রণ জানিয়ে পরে সমাজমাধ্যমে শুভেন্দু লেখেন, ‘...আগের সরকার দুর্ভাগ্যবশত আপনার মর্যাদাকে ক্ষুণ্ণ করার চেষ্টা করেছিল। দেশের সাংবিধানিক প্রধান হিসেবে আপনি যে সর্বোচ্চ সম্মান ও মর্যাদার অধিকারী পশ্চিমবঙ্গ তা নিশ্চিত করবে।’ আজ উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণের সঙ্গে দেখা করে বঙ্কিমচন্দ্রের প্রতিকৃতি ছাড়াও চন্দ্রচূড় ঘোষের ‘সুভাষবাবু’ বইটি উপহারদেন শুভেন্দু।

গত কাল বেশ রাত করেই বিশেষ বিমানে দিল্লি নামেন শুভেন্দু। মুখ্যমন্ত্রীর দিল্লি সফর ঘিরে কাল রাত থেকে সেজেগুজে প্রতীক্ষায় ছিল দিল্লির দুই বঙ্গভবনই। কিন্তু প্রতীক্ষাই সার। গত কাল রাতে দুই বঙ্গভবনের পরিবর্তে বিডি মার্গে সাংসদ ভাই সৌমেন্দু অধিকারীর বাড়িতে রাত কাটান শুভেন্দু। তবে আজ দুপুরে প্রথমে হেলি রোডের বঙ্গভবনে যান শুভেন্দু। বৈঠক করেন সদ্য দিল্লিতে রেসিডেন্ট কমিশনারের দায়িত্ব পাওয়া দুষ্মন্ত নারিয়ালের সঙ্গে। এর পরে ঝটিকা সফরে চাণক্যপুরীর নতুন বঙ্গভবনে আসেন শুভেন্দু। সংবাদমাধ্যমের সঙ্গে মিনিট দশেক কথা বলেই রওনা দেন প্রধানমন্ত্রীর বাসভবনের উদ্দেশে। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে রাতে কলকাতা ফিরে যান তিনি।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

West Bengal government Suvendu Adhikari

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy