Advertisement
E-Paper

১০ মার্চ থেকে রাজ্যে কোথায় কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, ৪৮০ কোম্পানির ভাগাভাগি চূড়ান্ত! জানিয়েও দিল কমিশন

এই কেন্দ্রীয় বাহিনীর প্রতিটি কোম্পানিতে থাকবেন অন্তত ৭২ জন। প্রথম ধাপে ২৪০ কোম্পানি ইতিমধ্যে মোতায়েন হয়েছে জেলায় জেলায়। দ্বিতীয় ধাপে আসছে আরও ২৪০ কোম্পানি বাহিনী।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০২ মার্চ ২০২৬ ১২:১৯
রাস্তায় কেন্দ্রীয় বাহিনীর টহল।

রাস্তায় কেন্দ্রীয় বাহিনীর টহল। —ফাইল চিত্র।

দ্বিতীয় ধাপে রাজ্যের কোথায় কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে, তা এ বার স্থির করে ফেলল নির্বাচন কমিশন। প্রথম ধাপে ২৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যে মোতায়েন হয়ে গিয়েছে। পরবর্তী ২৮০ কোম্পানিকেও জেলা ধরে ধরে ভাগ করে নিল কমিশন। এর মধ্যে শুধু উত্তর ২৪ পরগনাতেই মোতায়েন হবে আরও ২৮ কোম্পানি বাহিনী। কলকাতাতেও মোতায়েন হবে আরও ১৮ কোম্পানি।

সব মিলিয়ে ৪৮০ কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি বাহিনী মোতায়েন হচ্ছে উত্তর ২৪ পরগনাতেই। সেখানে তিন পুলিশ জেলা এবং দুই কমিশনারেট মিলিয়ে আগামী মঙ্গলবার (১০ মার্চ থেকে) বাহিনীর সংখ্যা বেড়ে হবে মোট ৫৮ কোম্পানি। মুর্শিদাবাদেও বাহিনীর সংখ্যা বেড়ে হবে ৫৮ কোম্পানি। পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনায় ৩৩ কোম্পানি এবং কলকাতায় ৩০ কোম্পানি মোতায়েন থাকবে আগামী সপ্তাহ থেকে। এর মধ্যে কিছু বাহিনী পূর্ব ঘোষণা অনুযায়ী রবিবার থেকেই মোতায়েন হয়ে গিয়েছে জেলায় জেলায়।

দুই ধাপে মিলিয়ে পূর্ব মেদিনীপুরে ২৮ কোম্পানি, হুগলিতে ২৭ কোম্পানি, পূর্ব বর্ধমানে ২৫ কোম্পানি, নদিয়ায় ২২ কোম্পানি, হাওড়া এবং বীরভূমে ২১ কোম্পানি করে, পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুরে ২০ কোম্পানি করে বাহিনী মোতায়েন করছে কমিশন। পাশাপাশি উত্তর দিনাজপুরে ১৯ কোম্পানি, মালদহে ১৮ কোম্পানি, পশ্চিম বর্ধমানে ১৭ কোম্পানি, দার্জিলিঙে ১৬ কোম্পানি, কোচবিহারে ১৫ কোম্পানি, বাঁকুড়ায় ১৩ কোম্পানি, ঝাড়গ্রামে ১১ কোম্পানি, দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়িতে ১০ কোম্পানি করে বাহিনী মোতায়েন হচ্ছে। আলিপুরদুয়ারেও কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বেড়ে হচ্ছে সাত কোম্পানি এবং কালিম্পঙে হচ্ছে চার কোম্পানি।

রাজ্য জুড়ে মোতায়েন করা এই কেন্দ্রীয় বাহিনীগুলির প্রতিটি কোম্পানিতে অন্তত ৭২ জন করে থাকবেন। আগেই এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছিল স্বরাষ্ট্র মন্ত্রক। প্রত্যেক বাহিনীকে পাঠানো বার্তায় বলা হয়েছিল, যে কোনও কোম্পানিতেই যেন অন্তত ৭২ জন করে থাকেন। এর মধ্যে ২৪০ কোম্পানি বাহিনী রবিবার থেকেই মোতায়েন হয়ে গিয়েছে জেলায় জেলায়। পরবর্তী ধাপে যে ২৪০ কোম্পানি মোতায়েন হবে, তার মধ্যে সিআরপিএফ-এর ১২০ কোম্পানি, বিএসএফ-এর ৬৫ কোম্পানি, সিআইএসএফ-এর ১৬ কোম্পানি, আইটিবিপি-র ২০ কোম্পানি এবং এসএসবি-র ১৯ কোম্পানি বাহিনী মোতায়েন হবে।

central force Election Commission
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy