Advertisement
E-Paper

একসময় আক্রমণ করতেন দীপিকাকে! এখন রণবীরপত্নীর প্রশংসায় পঞ্চমুখ কঙ্গনা, হঠাৎ কী এমন ঘটল?

মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলার জন্যও দীপিকাকে কথা শোনাতে ছাড়েননি অভিনেত্রী। কিন্তু হঠাৎ দীপিকা সম্পর্কে কঙ্গনার মতামতে বদল এসেছে। এমনকি কঙ্গনা মনে করছেন, বলিউডে দ্বিতীয় দীপিকা পাড়ুকোন আসা সম্ভব নয়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ জুন ২০২৬ ২০:৪৯
Kangana Ranaut praises Deepika Padukone and compares her with Madhuri Dixit and Mina Kumari

হঠাৎ কেন দীপিকার প্রশংসায় কঙ্গনা? ছবি: সংগৃহীত।

একসময় একাধিক প্রসঙ্গে দীপিকা পাড়ুকোনকে আক্রমণ করতেন। এমনকি মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলার জন্যও দীপিকাকে কথা শোনাতে ছাড়েননি অভিনেত্রী। কিন্তু হঠাৎই দীপিকা সম্পর্কে মতামতে বদল এসেছে কঙ্গনা রনৌতের। এমনকি কঙ্গনা মনে করছেন, বলিউডে দ্বিতীয় দীপিকা পাড়ুকোন আসা সম্ভব নয়!

সম্প্রতি এক সাক্ষাৎকারে মীনা কুমারী, মধুবালা এবং মাধুরী দীক্ষিতের সঙ্গেও দীপিকার তুলনা করেছেন কঙ্গনা। অভিনেত্রীকে এক সাক্ষাৎকারে প্রশ্ন করা হয়েছিল, বলিউড কেন আর একজন কঙ্গনাকে খুঁজে পায়নি এখনও? উত্তরে অভিনেত্রী-সাংসদ জানান, প্রত্যেক প্রজন্মে এমন কিছু তারকা থাকেন, যাঁরা অদ্বিতীয়। যাঁদের মতো আর কাউকে খুঁজে পাওয়া সম্ভব নয়। কঙ্গনা বলেন, “আমরা অনেক সময়ে ভাবি, অভিনেত্রীরা আসেন এবং হারিয়ে যান। কিন্তু বিষয়টা এমন নয়। মীনা কুমারী একজনই। তাঁর মতো আর কাউকে পাওয়া যাবে না। এমনকি আমি ভাবছিলাম, আর একজন করিশ্মা কপূরও হবে না। একটা নির্দিষ্ট সময়ে কিছু মানুষ থাকেন, যাঁরা সেই সময়ের প্রতিনিধিত্ব করেন।”

কঙ্গনা আরও অভিনেত্রীর নাম উল্লেখ করে বলতে থাকেন, “যেমন হেমা মালিনী, ওয়াহিদা রহমান বা মধুবালা—এঁদের জায়গা কেউ নিতে পারবেন না। প্রত্যেক যুগে এমন কিছু মুখ থাকেন, যাঁদের জায়গা অন্য কেউ পূরণ করতে পারে না। আর একজন মাধুরী দীক্ষিতও তৈরি হবে না। আমার মনে হয়, আর একজন দীপিকা পাড়ুকোনও আর আসবেন না।”

কঙ্গনার মতে, আজও দর্শক মাধুরীর অভিনয় একই ভাবে উপভোগ করেন। যা প্রমাণ করে, আসল তারকারা প্রজন্মের পর প্রজন্ম জনপ্রিয় থাকেন। অভিনেত্রীর কথায়, “প্রত্যেক যুগের একটা নিজস্ব পরিচয় থাকে, আর আমরা সেই যুগকে তুলে ধরি। একটা বিষয় সত্যি যে, মাধুরীজি এখনও অনেক কাজ করছেন। ধীরে ধীরে মানুষ বুঝতে পারছেন যে, তাঁর কাজ এখনও কতটা উপভোগ করা হয়। কিছু শিল্পী খুবই বিরল প্রতিভা নিয়ে আসেন। তাঁদের মতো মানুষ দ্বিতীয় বার পাওয়া যায় না।”

এর আগে দীপিকার আট ঘণ্টা কাজের দাবিকেও সমর্থন জানিয়েছিলেন কঙ্গনা। মা হওয়ার পর থেকে দীপিকা শর্ত রেখেছেন, দিনে আট ঘণ্টার বেশি কাজ করবেন না। এই শর্তের ফলস্বরূপ একাধিক কাজ হাতছাড়া হয়েছে তাঁর। বড় অঙ্কের পারিশ্রমিকের প্রস্তাব এলেও নাকি তা ফিরিয়ে দিয়েছেন দীপিকা। নিজের সিদ্ধান্তে অনড় তিনি। কঙ্গনা এক সাক্ষাৎকারে বলেন, ‘‘দীপিকা কিছু অন্যায্য চাইছেন না। তিনি এখন মা হয়েছেন। ওঁর কন্যাসন্তান রয়েছে। আমার মনে হয়, এই আট ঘণ্টার দাবি দীপিকা করতেই পারেন। কারণ সেটা তিনি অর্জন করেছেন।’’

অথচ একসময় কঙ্গনা ‘পদ্মাবৎ’ ছবি নিয়ে কটাক্ষ করেছিলেন দীপিকাকে। মাদকযোগ নিয়েও একাধিক বার অভিনেত্রীকে খোঁচা দিয়েছিলেন কঙ্গনা।

Deepika Padukone Kangana Ranaut Madhuri Dixit
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy