রেশন দুর্নীতি মামলার তদন্তে ফের সক্রিয় হল ইডি। শুক্রবার সকাল থেকেই কলকাতা, হাওড়া, বনগাঁ, মুর্শিদাবাদ-সহ মোট ১২টি জায়গায় তল্লাশি চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী এই সংস্থার আধিকারিকেরা।
কলকাতার লর্ড সিন্হা রোডে এক ব্যবসায়ীর অফিসে তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা। ইডি সূত্রে খবর, রেশন বণ্টন দুর্নীতি মামলার তদন্তে ওই ব্যবসায়ীর নাম উঠে আসে। ওই ব্যবসায়ীর সংস্থার নামে রেশন সামগ্রী কী ভাবে এবং কোথায় কোথায় পাঠানো হত, তা খতিয়ে দেখা হচ্ছে। কলকাতার পোদ্দার কোর্ট এবং মিন্টো পার্ক এলাকার একাধিক জায়গাতেও তল্লাশি চালানো হচ্ছে বলে ইডি সূত্রে খবর।
ইডি সূত্রে জানা গিয়েছে, কয়েক হাজার মেট্রিক টন গম অন্যত্র পাচার করা হচ্ছিল। এই রকমই গমবোঝাই প্রায় ১৮০টি ট্রাক ধরেছিল একটি কেন্দ্রীয় সংস্থা। সরকারি ট্যাগ সংবলিত ব্যাগ বা বস্তায় থাকা এই বিপুল পরিমাণ গম রেশনে বরাদ্দের জন্য নির্দিষ্ট ছিল কি না, এর পিছনে কোনও আর্থিক দুর্নীতি রয়েছে কি না, তা খতিয়ে দেখছে ইডি। সেই সূত্রেই সোমবার সকালে একাধিক সংস্থার অফিসে তল্লাশি শুরু হয়।
প্রসঙ্গত, রেশন দুর্নীতি মামলার তদন্তকে ঘিরে এক সময় সরগরম হয়েছিল রাজ্য রাজনীতি। এই সংক্রান্ত ইডির একটি মামলায় গ্রেফতার হয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছিল ইডি। বর্তমানে জামিনে মুক্ত তিনি। এ বার জ্যোতিপ্রিয়কে হাবড়া কেন্দ্রে প্রার্থী করেছে তৃণমূল। সম্প্রতি তাঁর হয়ে প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “বালুকে ফাঁসানো হয়েছে। ওকে হিংসে করে গ্রেফতার করেছিল। কোনও প্রমাণ পায়নি।”