Advertisement
E-Paper

শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হুগলির তৃণমূলের এক পঞ্চায়েত সদস্য! জামিন মঞ্জুর আদালতের

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডুপুরপুর গ্রামের এক বাসিন্দার সঙ্গে জমিগত বিবাদ ছিল ওই তৃণমূল সদস্যের। সেই বিষয় নিয়ে প্রতিবেশীকে মারধর ও শ্লীলতাহানি করার অভিযোগ ওঠে। গত বুধবার দাদপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ মে ২০২৬ ০১:১৩
হুগলির দাদপুর থানা।

হুগলির দাদপুর থানা। — নিজস্ব চিত্র।

হুগলির তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ওঠে। বৃহস্পতিবার রাতে হুগলির দাদপুর থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। তাঁর বিরুদ্ধে প্রতিবেশীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগের পাশাপাশি তোলাবাজি, এলাকার মানুষকে ভয় দেখানো, জোর করে জমি-জায়গা হাতিয়ে নেওয়া-সহ একাধিক অভিযোগ রয়েছে। শুক্রবার পাঁচ দিনের হেফাজত চেয়ে অভিযুক্তকে চুঁচুড়া আদালতে হাজির করে পুলিশ। তবে, তৃণমূল পঞ্চায়েত সদস্যের জামিন মঞ্জুর করে আদালত।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডুপুরপুর গ্রামের এক বাসিন্দার সঙ্গে জমিগত বিবাদ ছিল ওই তৃণমূল সদস্যের। সেই বিষয় নিয়ে প্রতিবেশীকে মারধর ও শ্লীলতাহানি করার অভিযোগ ওঠে। গত বুধবার দাদপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়।

সপ্তগ্রামের বিজেপি বিধায়ক স্বরাজ ঘোষ বলেন, “অভিযুক্ত এক জন তোলাবাজ। মানুষকে ভয় দেখিয়ে জমি দখল করেছে। তৃণমূলের সদস্য হওয়ায় ধনেখালির বিধায়ক অসীমা পাত্রের হাত মাথায় থাকায়, এলাকার মানুষের উপর নানা ভাবে অত্যাচার চালিয়েছে। পুলিশ অভিযোগ পেয়ে তাকে গ্রেফতার করেছিল। আমরা চাইব আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।”

পোলবা দাদপুর ব্লক তৃণমূলের সভাপতি সুভাষ ঘড়া বলেন, “একটা মারধরের পুরনো ঘটনায় পঞ্চায়েতের ওই সদস্যকে গ্রেফতার করে পুলিশ। শুনলাম তার পাঁচ দিনের হেফাজত চেয়েছিল পুলিশ। কিন্তু আদালত তাকে জামিন দিয়ে দিয়েছে।” তিনি আরও জানান, এখন বিভিন্ন পুরনো মামলায় গ্রেফতার করা হচ্ছে দলের কর্মীদের।

Dadpur Hooghly TMC police investigation
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy