বামেদের নবান্ন অভিযান ও বাম যুবনেতার মৃত্যু নিয়ে মুখ খুললেন বিজেপির রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত। বললেন, বামেদের অক্সিজেন দিতে ইচ্ছা করে তৃণমূল সরকার এই কাণ্ড ঘটিয়েছে।
বাঁকুড়ার মইদুল ইসলাম মিদ্যার মৃত্যু ও নবান্ন অভিযান নিয়ে সোমবার বিজেপি সাংসদ বলেন, ‘‘যে কোনও মৃত্যুই দুঃখজনক। দল নির্বিশেষে এমন ঘটনার সমালোচনা করা উচিত। এই ঘটনার আমরা নিন্দা করছি। কিন্তু আমার প্রশ্ন, আইসিইউ-তে চলে যাওয়া একটা দলকে আন্দোলনের রসদ হাতে তুলে দিতেই কি পুলিশ এতটা বাড়াবাড়ি করে ফেলেছিল?’’
নির্বাচনের কথা টেনে তিনি বলেন, ‘‘তৃণমূল চাইছে ভোট ভাগ করতে। কিন্তু লড়াইটা হবে তৃণমূল ও বিজেপির মধ্যে।’’
শ্রীরামপুরে একটি সরস্বতী পুজোর উদ্বোধন করতে এসেছিলেন স্বপন দাশগুপ্ত।এই অনুষ্ঠান থেকে বিজেপি সাংসদের মুখে তৃণমূলের প্রশংসাও শোনা যায়। তিনি বলেন, ‘‘হিন্দু পরম্পরাকে তৃণমূল যেভাবে স্বীকৃতি দিচ্ছে, সেটা দেখে আমরাখুবই সন্তুষ্ট।এটাই হওয়া উচিত। সরস্বতী পুজো কখনও বিজেপি বা তৃণমূলের পুজো নয়। এ নিয়ে বিতর্কের কিছু নেই।’’