E-Paper

হুগলি থেকে নিখোঁজ তিন কিশোরী উদ্ধার

প্রায় এক মাস আগে বাড়ির কাছে মনিহারি দোকানে যাওয়ার নাম করে বেরিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল গোঘাটের দহিয়াকান্দার বছর সতেরোর এক কিশোরী।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ জুন ২০২৬ ০৮:২০

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

বেশ কিছু দিনের ব্যবধানে হুগলির তিন এলাকা থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল তিন নাবালিকা। তাদের উদ্ধার করল পুলিশ।

দিন দশেক আগে পান্ডুয়ার ১৭ বছরের এক নাবালিকা নিখোঁজ হয় বলে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন তার মা। সোমবার পূর্ব বর্ধমানের মাধবডিহি থেকে ওই নাবালিকাকে উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, নাবালিকাকে লুকিয়ে রাখার অভিযোগে মানিক রায় নামে এক যুবক ও তার বাবা নাড়ুগোপালকে গ্রেফতার করা হয়েছে। নাবালিকাকে মঙ্গলবার চুঁচুড়ার জুভেনাইল আদালতে পেশ করা হয়। বিচারক তাকে উত্তরপাড়ার হোমে পাঠানোর নির্দেশ দেন।

প্রায় এক মাস আগে বাড়ির কাছে মনিহারি দোকানে যাওয়ার নাম করে বেরিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল গোঘাটের দহিয়াকান্দার বছর সতেরোর এক কিশোরী। সোমবার বেঙ্গালুরুর একটি বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, এক যুবকের বিরুদ্ধে ওই কিশোরীকে অপহরণের অভিযোগ দায়ের করা হয়েছিল। সে পলাতক। তদন্ত চলছে।

দিন কুড়ি আগে ‘টিউশন’ পড়তে যাওয়ার নাম করে বেরিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল গোঘাটেরই চণ্ডীপুর গ্রামের বছর পনেরোর আর এক কিশোরী। সোমবারই পাশের গ্রামের একটি বাড়িতে তার সন্ধান পায় পুলিশ। পরিবারের লোকেরা অপহরণের অভিযোগ দায়ের করেছিলেন। পুলিশ জানায়, তদন্ত চলছে। মঙ্গলবার দুই কিশোরীকে আরামবাগ আদালতে হাজির করানো হয়। তাদের জাঙ্গিপাড়ার সরকারি হোমে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Hooghly

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy