দলীয় সভাপতি এবং বিডিও কারও সঙ্গে আলোচনা না করে যাবতীয় কাজ করছেন, এই অভিযোগে মঙ্গলবার তৃণমূল পরিচালিত গোঘাট-১ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষেরা ওই দু’জনের ডাকা বৈঠক বয়কট করলেন। রেশন কার্ড সংক্রান্ত বৈঠকটি ডেকেছিলেন সভাপতি ও বিডিও। সভাপতি এবং সহ-সভাপতি ছাড়াও বাকি ন’জন কর্মাধ্যক্ষই বৈঠকে হাজির হননি। তাঁদের পক্ষে পূর্ত কর্মাধ্যক্ষ বিজয় রায়ের অভিযোগ, বন্যাত্রাণ নিয়ে কোনও গুরুত্বপূর্ণ বৈঠকে বা উন্নয়নমূলক পরিকল্পনার বৈঠকে তাঁদের ডাকা হচ্ছে না। সে কারণেই তাঁরা এ দিনের বৈঠক বয়কট করেছেন। অভিযোগ উড়িয়ে বিডিও অসিতবরণ ঘোষের দাবি, ‘‘কর্মাধ্যক্ষেরা ঠিক বলছেন না। তাঁদের নিয়ে সোমবারই বৈঠক করেছি। এ দিন রেশন কার্ড সংক্রান্ত বৈঠকে পঞ্চায়েত প্রধানদেরই মূলত ডাকা হয়েছিল।’’ পঞ্চায়েত সমিতির সভাপতি মৃণাল আলুর দাবি, ‘‘তুচ্ছ কারণে এমন করলেন কর্মাধ্যক্ষেরা। আসলে গত রবিবার জেলা থেকে কৃষি-মত্স্য এবং প্রাণিসম্পদের ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে একটা দল এসেছিল। তাতে কর্মাধ্যক্ষদের লিখিত ভাবে হাজির হতে বলতে কোনও ভাবে ভুল হয়। আমি ত্রুটি স্বীকার করে তাঁদের গ্রাম উন্নয়নে সক্রিয় থাকতে অনুরোধ করেছি।’’