E-Paper

বাকি তিন বিশ্ববিদ্যালয়ে উদ্যোগ ভিসি বাছাইয়ের

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ১৭ জন এবং ম‍্যাকাউটে ১৫ জন উপাচার্য পদপ্রার্থীকে ডাকে সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি উদয় উমেশ ললিতের নেতৃত্বাধীন কমিটি। তাঁদের মধ‍্যে যথাক্রমে ১৪ জন এবং ১৩ জন গিয়েছিলেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৬ ০৭:২৪

—প্রতীকী চিত্র।

দোলের কলকাতায় রাজ‍্যের তিনটি বিশ্ববিদ‍্যালয়ের নিষ্পত্তি না-হওয়া উপাচার্য জট খুলতে উদ্যোগী হল সুপ্রিম কোর্ট নিযুক্ত সার্চ কমিটি। সোমবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ও ম‍্যাকাউট এবং মঙ্গলবার নেতাজি সুভাষচন্দ্র মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদপ্রার্থীদের বাছাই প্রক্রিয়া চালানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ১৭ জন এবং ম‍্যাকাউটে ১৫ জন উপাচার্য পদপ্রার্থীকে ডাকে সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি উদয় উমেশ ললিতের নেতৃত্বাধীন কমিটি। তাঁদের মধ‍্যে যথাক্রমে ১৪ জন এবং ১৩ জন গিয়েছিলেন। মুক্ত বিশ্ববিদ্যালয়ে ১৫ জনের মধ‍্যে ১০ জন এ দিন কমিটির মুখোমুখি হন। এই পর্ব ইন্টারঅ‍্যাকশন বা আলাপচারিতা আখ‍্যা দেওয়া হয়েছিল। সূত্র মারফত জানা গিয়েছে, এর আগে এই তিনটি বিশ্ববিদ্যালয়ের জন‍্য জনা পনেরো যে শিক্ষাবিদ, অধ‍্যাপককে ডাকা হয়, তাঁদের বাইরেও এ যাত্রা দু’-তিন জন করে নতুন মুখকে ডাকা হয়। তাঁরা আবেদন করেও আগে উপাচার্য পদপ্রার্থী হিসেবে ডাক পাননি। মনে করা হচ্ছে, পুরনো প‍্যানেল ভুক্ত কয়েক জন ইতিমধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য হিসেবে নিযুক্ত হয়েছেন। ফলে আবেদনকারীদের মধ‍্যে অন্য মুখদের ডাকা হয়।

উল্লেখ্য, এর আগে সার্চ কমিটি এই তিনটি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করলেও সংশ্লিষ্ট ব‍্যক্তিকে নিয়ে একমত হতে পারেননি রাজ‍্যপাল তথা আচার্য এবং নবান্ন কর্তৃপক্ষ। তিন বছরে ৩৩টি বিশ্ববিদ‍্যালয়ে স্থায়ী উপাচার্য জট কাটলেও এই তিনটির ক্ষেত্রে গত জানুয়ারিতে ফের বাছাই পর্ব চালানোর নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। রীতিমাফিক, সর্বোচ্চ আদালত মারফতই নির্বাচিত উপাচার্যের নাম প্রকাশ করার কথা।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

university WB Education

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy