এসএসকেএম হাসপাতাল চত্বরে বুধবার সকালে গাছ ভেঙে পড়ে আহত হলেন দুজন। এঁদের মধ্যে শক্তি ব্যাপারী নামে এক জনের অবস্থা গুরুতর। তাঁর মেরুদণ্ডে আঘাত লেগেছে। আপাতত এসএসকেএম সংলগ্ন বাঙুর ইনস্টিটিউট অব নিউরোলজিতে ভর্তি রয়েছেন তিনি। এ ছাড়া ওই একই ঘটনায় গোলাম কোবাট নামে ৪২ বছরের এক ব্যক্তিও আহত হয়েছেন। এ দিন হাসপাতালের রোগী কল্যাণ সমিতির নবনিযুক্ত চেয়ারম্যান অরূপ বিশ্বাস আহতদের দেখতে হাসপাতালে আসেন। পরে তিনি জানান, সমস্ত মেডিক্যাল কলেজেই অগ্নি সুরক্ষার পরিকাঠামো বাড়ানো হচ্ছে। কর্মীরা সবরকম ভাবে প্রস্তুত থাকছেন কি না তা যাচাইয়ের জন্য এ বার থেকে প্রতি সপ্তাহে মক ড্রিল-ও হবে। মঙ্গলবার থেকে পূর্ত দফতরের কর্তারা সমস্ত হাসপাতালের বৈদ্যুতিক ব্যবস্থা খতিয়ে দেখার জন্য পরিদর্শন শুরু করেছেন। গাছ ভেঙে পড়ে আহতদের দেখার পাশাপাশি এ দিন এসএসকেএম-এর অগ্নি সুরক্ষার দিকগুলিও দেখেন পূর্তমন্ত্রী অরূপবাবু।