E-Paper

ফুট ওভারব্রিজ থেকে ওভারহেড তারের উপরে পড়ে জখম

সন্ধ্যা সাড়ে সাতটার কিছু আগে বালিগঞ্জ স্টেশনের ফুট ওভারব্রিজ থেকে প্রৌঢ় পড়ে যান নীচের ওভারহেড তারে। সেখানেই ঝুলতে থাকেন তিনি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:০১
ট্রেনের ছাদে পড়ে ওই প্রৌঢ়। তাঁর শরীরে প্রায় আগুন ধরে গিয়েছে। মঙ্গলবার, বালিগঞ্জ স্টেশনে।

ট্রেনের ছাদে পড়ে ওই প্রৌঢ়। তাঁর শরীরে প্রায় আগুন ধরে গিয়েছে। মঙ্গলবার, বালিগঞ্জ স্টেশনে। — নিজস্ব চিত্র।

সন্ধ্যার ব্যস্ত সময়ে বালিগঞ্জ স্টেশনের ফুট ওভারব্রিজ থেকে নীচে পড়ে গুরুতর আহত হলেন বছর পঞ্চাশের এক প্রৌঢ়। সঙ্কটজনক অবস্থায় ওই প্রৌঢ়কে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে রাত পর্যন্ত তাঁর নাম-পরিচয় জানা যায়নি। মঙ্গলবারের এই ঘটনার জেরে প্রায় আধ ঘণ্টা ওই পথে ট্রেন চলাচল ব্যাহত হয়। রাত আটটা নাগাদ ফের ট্রেন চলাচল শুরু হয়।

এ দিন সন্ধ্যা সাড়ে সাতটার কিছু আগে বালিগঞ্জ স্টেশনের ফুট ওভারব্রিজ থেকে ওই প্রৌঢ় পড়ে যান নীচের ওভারহেড তারে। সেখানেই ঝুলতে থাকেন তিনি। এমন ঘটনায় হকচকিয়ে যান স্টেশনে অপেক্ষারত যাত্রীরা। তাঁরা চিৎকার করে ওঠেন। মূহূর্তে ভিড় জমে যায়, তৈরি হয় বিশৃঙ্খল পরিস্থিতি। খবর পেয়ে দ্রুত দু’টি ওভারহেড তারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ওই প্রৌঢ়কে উদ্ধার করা হয়। এর জেরে আধ ঘণ্টা ওই পথে ট্রেন চলাচল বন্ধ থাকে।

পুলিশ সূত্রের খবর, সন্ধ্যা ৭টা ২৫ মিনিট নাগাদ বালিগঞ্জ স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে শিয়ালদহমুখী লোকাল ঢোকার সময়েই অপেক্ষারত যাত্রীরা হইহই করে ওঠেন। দেখা যায়, এক প্রৌঢ় ২৫ হাজার ভোল্টের ওভারহেড তার থেকে কার্যত ঝুলে ট্রেনের উপরে পড়ছেন। সঙ্গে সঙ্গে তড়িদাহত হন ওই প্রৌঢ়। ঘটনার অভিঘাতে তাঁর শরীরে আগুন ধরে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। দ্রুত ওভারহেড তারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাঁকে ট্রেনের ছাদ থেকে নামিয়ে এনে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এই ঘটনার পরে প্ল্যাটফর্মে হুলস্থুল পড়ে যায়। ফুট ওভারব্রিজের উঁচু বেড়া ডিঙিয়ে কী ভাবে আচমকা ওই প্রৌঢ় ওভারহেড তারের উপরে লাফ দিলেন, তা নিয়ে শোরগোল পড়ে যায়। রেলের পক্ষ থেকে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে বেল জানানো হয়েছে। তবে, ওই প্রৌঢ় ফুট ওভারব্রিজ না কি বিজন সেতুর উপর থেকে ঝাঁপ দিয়েছিলেন, তা নিয়ে সংশয়ে পুলিশের একাংশ। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে খবর।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Accident police investigation

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy