আবার মেট্রোয় অঘটন! আবার ব্যাহত পরিষেবা।
স্থানীয় সূত্রে খবর, শনিবার দুপুরে এক মধ্যবয়স্কা কালীঘাট মেট্রোস্টেশনে রেললাইনে কোনও ভাবে পড়ে যান (কিংবা ঝাঁপ দেন)। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করা হয়েছে। তবে গুরুতর জখম হয়েছেন ওই মহিলা। চিকিৎসার জন্য তাঁকে হাসপাতালে নিয়ে গিয়েছেন মেট্রোর কর্মীরা। পরে মেট্রো কর্তৃপক্ষ জানান, আত্মহত্যার চেষ্টা করেছিলেন মধ্যবয়স্কা। তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।
অন্য দিকে, এই অঘটনের ফলে দুপুর ১টার পর থেকে ব্যাহত হয় মেট্রো পরিষেবা। দক্ষিণেশ্বর থেকে ময়দান স্টেশন পর্যন্ত মেট্রো চলে। তার পর মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) স্টেশন থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত পরিষেবা সচল থাকে। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, আপ লাইনে ১টা ৬ মিনিটে আত্মহত্যার চেষ্টা করেন এক মহিলা। তাঁকে উদ্ধার করা হয়েছে। পাশাপাশি দ্রুত পরিষেবা সচল করার চেষ্টা করা হয়েছে।
আরও পড়ুন:
মেট্রোর তরফে জানানো হয়েছে ১টা ২৯ মিনিটে পুরো ব্লু লাইনে পরিষেবা সচল হয়ে গিয়েছে। তবে যাত্রীদের একাংশ জানাচ্ছেন, এখনও পরিষেবা স্বাভাবিক হয়নি।
গত শনিবারও দুপুর ১টা নাগাদ ব্লু লাইনে পরিষেবা ব্যাহত হয়েছিল। সে বার বিবৃতিতে মেট্রো কর্তৃপক্ষ জানান, ব্রেক জ্যাম হয়ে যাওয়ার কারণে একটি আপ ট্রেন কিছু ক্ষণের জন্য পরীক্ষা-নিরীক্ষার জন্য থামানো হয়েছিল। পরীক্ষার জন্য শেডে পাঠানোর পর পুনরায় চালু করা হয়। যাত্রীদের পরবর্তী ট্রেন ধরেছেন। তার আগের রবিবার গ্রিন লাইনে পরিষেবা ব্যাহত হয়েছিল। সেটাও দুপুরবেলা।