Advertisement
E-Paper

Sourav Ganguly: মুখ্যমন্ত্রী আমার কাছের মানুষ! অমিত-ভোজের পরের দিন ববির পাশে বসে বললেন সৌরভ

শনিবার অনুষ্ঠান শেষে ডোনাও বলেন, ‘‘দিদি তো অবশ্যই আমাদের কাছের।’’ সেই সঙ্গে জানান, নৈশভোজে শাহের সঙ্গে রাজনীতি নিয়ে কোনও আলোচনা হয়নি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ মে ২০২২ ১৩:১২
অনুষ্ঠান মঞ্চে ডোনা, ফিরহাদ এবং সৌরভ।

অনুষ্ঠান মঞ্চে ডোনা, ফিরহাদ এবং সৌরভ। নিজস্ব চিত্র।

তাঁর বাড়িতে শুক্রবার নৈশভোজে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সঙ্গে ছিলেন শুভেন্দু অভিকারী-সহ বিজেপির আরও চার নেতা। সেই নৈশভোজের ২৪ ঘণ্টার মধ্যেই, শনিবার দুপুরে একটি অনুষ্ঠানের মঞ্চে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের পাশে দেখা গেল সস্ত্রীক সৌরভ গঙ্গোপাধ্যায়কে। সেখানে সৌরভ বললেন, ‘‘মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার কাছের মানুষ।’’

শুক্রবার রাতে শাহ এবং তাঁর সঙ্গীদের আতিথেয়তায় সক্রিয় ভূমিকায় দেখা গিয়েছিল সৌরভ-জায়া ডোনা গঙ্গোপাধ্যায়কে। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে মন্ত্রী ফিরহাদের দুই পাশে আসন ছিল সৌরভ এবং ডোনার। অনুষ্ঠান শেষে ডোনাও বলেন, “দিদি তো অবশ্যই আমাদের কাছের।” সেই সঙ্গে ডোনা জানান, নৈশভোজে শাহের সঙ্গে রাজনীতি নিয়ে কোনও আলোচনা হয়নি।

সৌরভ তাঁর বক্তৃতায় জানান, ওই বেসরকারি হাসপাতালের জন্য তিনি মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আবেদন জানিয়েছিলেন। এবং রাজ্যের তরফে সব রকমের সাহায্য মিলেছে। সেই সঙ্গে সৌরভ বলেন, মন্ত্রী ববির কাছে মানুষ সাহায্যের জন্য গিয়ে নিরাশ হন না।

সৌরভের বাড়িতে ওই নৈশভোজের ঘটনা নিয়ে শনিবার সকালেই নেটমাধ্যমে খোঁচা দেন তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ককে ‘আলালের ঘরে দুলাল’ বলে কটাক্ষ করেন তিনি। সেই সঙ্গে লেখেন, ‘আজকে যখন সে এক চরম বাঙালি বিদ্বেষী, বাংলা ভাষা-সাহিত্য-সংস্কৃতি বিরোধী, বাংলা ভাগের চক্রান্তকারী ব‍্যাক্তিকে আদর, আপ‍্যায়ন করে বাড়িতে নিয়ে গিয়ে ভূরিভোজ করায়— সৌরভকে নয়, যারা তাকে বাঙালির আইকন বলে ধেই ধেই নাচে, তাদের দেখে করুণা হয়।’

Sourav Ganguly Dona Ganguly Amit Shah Firhad Hakim Mamata Banerjee BCCI
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy