Advertisement
E-Paper

রাজ্যপাল রবির সঙ্গে সাক্ষাৎ সিইও মনোজের, নির্বাচন পরবর্তী হিংসা নিয়ে আলোচনা, হল গেজেট নোটিফিকেশন

লোক ভবন সূত্রে খবর, ভোটের ফল ঘোষণার পর নানা জায়গায় হিংসার অভিযোগ উঠেছে। রাজ্যের সাংবিধানিক প্রধান হিসাবে সেই সম্পর্কিত তথ্য সিইও-র কাছ থেকে নিয়েছেন রাজ্যপাল।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ মে ২০২৬ ১৪:৩২
Manoj Agarwal And N Ravi

লোকভবনে সিইও মনোজ অগ্রবাল এবং রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। —নিজস্ব চিত্র।

ভোটশেষে রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির সঙ্গে সাক্ষাৎ করলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ অগ্রবাল। বুধবার সকালে ২৯৩টি বিধানসভার গেজেট নোটিফিকেশন নিয়ে লোক ভবনে যান মনোজ এবং কমিশনের আধিকারিকেরা।

লোক ভবন সূত্রে খবর, নতুন সরকার গঠনের আগে নির্বাচন এবং নির্বাচন-পরবর্তী সমস্ত বিষয় সম্পর্কে রাজ্যপালকে অবহিত করেছেন সিইও মনোজ। সদ্য শেষ হওয়া ২৯৩টি বিধানসভা আসনের ভোটের ফলাফলের তথ্য রাজ্যপালের কাছে পেশ করা হয়েছে।

ভোটের ফল ঘোষণার পর নানা জায়গায় হিংসার অভিযোগ উঠেছে। রাজ্যের সাংবিধানিক প্রধান হিসাবে সেই সম্পর্কিত তথ্য সিইও-র কাছ থেকে নিয়েছেন রাজ্যপাল। উল্লেখ্য, নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠানের আগে পর্যন্ত নির্বাচন কমিশনের হাতেই রাজ্যের রাশ। নির্বাচনের পর কোনও দল বা জোট বিধানসভায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেলে রাজ্যপাল তাদের নেতাকে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণের জন্য আমন্ত্রণ জানান। কোনও দল স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা না পেলে রাজ্যপাল তাঁর বিশেষ সাংবিধানিক বিবেচনা প্রয়োগ করে বৃহত্তম দল বা জোটকে সরকার গঠনের সুযোগ দিতে পারেন এবং একটি নির্দিষ্ট সময়ের মধ্যে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে বলতে পারেন। পশ্চিমবঙ্গে এ বার একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি। কিন্তু তৃণমূলনেত্রী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরাজয় অস্বীকার করেছেন। তিনি কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করে জানিয়েছেন, পদত্যাগ করবেন না। অন্য দিকে, সিইও মনোজ প্রাক্তন মুখ্যমন্ত্রীর অভিযোগ অস্বীকার করেছেন। অভূতপূর্ব পরিস্থিতিতে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করলেন সিইও।

গত মার্চ মাসে সিভি আনন্দ বোস রাজ্যপালের পদ থেকে ইস্তফা দেওয়ার পর পশ্চিমবঙ্গের রাজ্যপালের দায়িত্ব দেওয়া হয় তামিলনাড়ুর প্রাক্তন রাজ্যপাল রবিকে। তিনি আসার কয়েক দিনের মধ্যে প্রশাসনের অন্দরে ব্যাপক রদবদল হয়। দ্বিতীয় দফা ভোটের আগে পর্যন্ত ওই রদবদল জারি ছিল। তাই কমিশনের পক্ষ থেকে দু’জন আধিকারিককে লোক ভবনের সঙ্গে সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল। তাঁরা প্রশাসনিক রদবদল থেকে কমিশনের বিভিন্ন পদক্ষেপের কথা লোক ভবনকে জানাতেন। এই সময়কালে ব্যস্ততার কারণে সিইও মনোজ লোক ভবনে যেতে পারেননি। অবশেষে বুধবার তিনি রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করলেন।

Manoj Agarwal RN Ravi West bengal Assembly
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy