নির্বাচনের আগে রাজনৈতিক সংঘর্ষ এ রাজ্যে বা শহরে নতুন নয়। কয়েক দিন আগে দেওয়াল দখলকে কেন্দ্র করে রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়েছিল নেতাজিনগর থানা এলাকা। জেলাতেও একাধিক রাজনৈতিক গোলমালের ঘটনা ঘটেছে। এ বার রাজনৈতিক গোলমাল বা সংঘর্ষের ঘটনা ঘটলে প্রতিদিন তা রিপোর্ট আকারে রাজ্য পুলিশের নির্বাচনী সেলে জানাতে হবে পুলিশকে। সোমবার রাজ্য পুলিশের তরফে সমস্ত জেলা এবং কলকাতা পুলিশকে পাঠানো ওই নির্দেশে বলা হয়েছে, নির্বাচন সংক্রান্ত গোলমাল হলে প্রতিদিন সকাল ৮টার মধ্যে রিপোর্ট পাঠাতে হবে থানাগুলিকে। সূত্রের খবর, কী ঘটেছে, পুলিশ কী ব্যবস্থা নিয়েছে, কত জন হতাহত ও কত জন গ্রেফতার হয়েছে— রিপোর্টে সেই সমস্ত তথ্য জানাতে হচ্ছে। এর আগে বিভিন্ন বিষয়ে সাপ্তাহিক রিপোর্ট দিতে হচ্ছিল থানাগুলিকে। এই প্রথম নির্বাচন সংক্রান্ত গোলমাল বা রাজনৈতিক সংঘর্ষের ঘটনাও দৈনিক রিপোর্ট আকারে পাঠাতে হচ্ছে। লালবাজার জানিয়েছে, বুধবার থেকে ওই রিপোর্ট পাঠানো শুরু করেছে থানাগুলি।
এর সঙ্গে বেআইনি অনুপ্রবেশকারীদের সম্পর্কেও জানতে চেয়েছে নির্বাচনী সেল। লালবাজার জানিয়েছে, গত পাঁচ বছরে বেআইনি অনুপ্রবেশ নিয়ে কতগুলি মামলা হয়েছে, জাল ভোটার কার্ড উদ্ধার হয়েছে কিনা, হয়ে থাকলে পুলিশ কী ব্যবস্থা নিয়েছে— তা জানাতে হবে। উল্লেখ্য, কয়েক মাস ধরেই রাজ্যে চলছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)। যার মূল উদ্দেশ্য ভোটার তালিকা থেকে অনুপ্রবেশকারীদের বাদ দেওয়া। পাশাপাশি, দোষী ও ফেরার অপরাধীদের বিষয়েও জানতে চেয়েছে লালবাজারের নির্বাচনী সেল। ২০২৪ থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত ওই অপরাধীদের ক্ষেত্রে থানা কী ব্যবস্থা নিয়েছে, তা জানাতে বলা হয়েছে। আদালতের নির্দেশ মতো সমস্ত প্রক্রিয়া শুরু ও সম্পন্ন হয়েছে কিনা, তা-ও জানতে চাওয়া হয়েছে। পাশাপাশি, জামিন-অযোগ্য গ্রেফতারি পরোয়ানা নিয়েও রিপোর্ট দিতে বলা হয়েছে থানাগুলিকে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)