Advertisement
E-Paper

Death: পাতিপুকুরে যুবকের মৃত্যুতে পুলিশের বিরুদ্ধে মামলা

বুধবার রাতে পাতিপুকুরে ট্রেনের ধাক্কায় মারা যান টালা থানা এলাকার মেট্রো কলোনির বাসিন্দা পুষ্পেন্দু দপ্তরি (২২)।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২২ ০৫:২৮
পুষ্পেন্দু দপ্তরি

পুষ্পেন্দু দপ্তরি

পাতিপুকুরে ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যুর ঘটনায় এ বার অজ্ঞাতপরিচয় পুলিশের বিরুদ্ধে মামলা রুজু হল। গাফিলতির জেরে মৃত্যুর ধারা-সহ একাধিক ধারায় বৃহস্পতিবার ওই মামলা রুজু হয়েছে দমদম রেল পুলিশ থানায়। রেল পুলিশের এক কর্তা জানান, মৃত যুবকের পরিবারের তরফে পুলিশের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছিল। তারই ভিত্তিতে ওই মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।

বুধবার রাতে পাতিপুকুরে ট্রেনের ধাক্কায় মারা যান টালা থানা এলাকার মেট্রো কলোনির বাসিন্দা পুষ্পেন্দু দপ্তরি (২২)। ওই যুবকের পরিবার পুলিশের অতি সক্রিয়তা নিয়ে অভিযোগ তুলেছিল। তাঁরা জানিয়েছিলেন, লেক টাউন থানার পুলিশের তাড়া খেয়ে রেললাইন ধরে পালাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে পুষ্পেন্দুর।

প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, কারা ওই রাতে ঘটনাস্থলে গিয়েছিল তা জানার চেষ্টা চলছে। কারণ, রেল পুলিশের এলাকায় ঘটনাটি ঘটলেও অভিযোগ উঠেছে, সেখানে গিয়েছিল বিধাননগর কমিশনারেটের অধীন লেক টাউন থানার পুলিশ। যদিও পরে সেই অভিযোগ অস্বীকার করে বিধাননগর কমিশনারেট। একই সঙ্গে তদন্তকারীরা জানিয়েছেন, যে ট্রেনের ধাক্কায় ওই যুবক মারা গিয়েছেন, তার চালকের সঙ্গে কথা বলা হবে। কারণ তাঁদের মতে, ওই চালক ঘটনার প্রত্যক্ষদর্শী। কেউ ওই যুবককে তাড়া করেছিলেন কি না, সেটা তাঁর পক্ষেই বলা সম্ভব।

কেন অজ্ঞাতপরিচয় পুলিশের বিরুদ্ধে মামলা রুজু হল?

রেল পুলিশ সূত্রের খবর, মৃত যুবকের পরিবারের তরফে জমা দেওয়া অভিযোগপত্রে কোনও পুলিশকর্মীর নাম উল্লেখ করা হয়নি। কারা সে দিন ঘটনাস্থলে গিয়েছিলেন, তাঁদেরও পরিচয় জানা যায়নি। সেই কারণেই অজ্ঞাতপরিচয় পুলিশকর্মীদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। একই সঙ্গে ওই এলাকায় রেললাইনের ধারে বসবাসকারী বাসিন্দাদেরও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

Death
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy