E-Paper

বিনিয়োগের নামে সাইবার প্রতারণা, টাকা খোয়ালেন মহিলা

প্রথমে অল্প টাকা বিনিয়োগের নামে দিয়ে কিছু টাকা ফেরতও পেয়ে যান অভিযোগকারিণী। তাতেই বিশ্বাস অর্জন করে প্রতারকেরা। ক্রমশ বেশি টাকার বিনিয়োগে প্রলুব্ধ করা হয় ওই মহিলাকে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:২৯

ছবি: এআই সহায়তায় প্রণীত।

সাইবার প্রতারণার ফাঁদে পড়ে বিপুল অঙ্কের ক্ষতির মুখে পড়ছেন অনেকেই। বিধাননগরে ফের এক মহিলা এমন ফাঁদে পড়ে কয়েক লক্ষ টাকা খোয়ালেন। সম্প্রতি তিনি বিধাননগর পুলিশের দ্বারস্থ হয়েছেন।

পুলিশ সূত্রের খবর, বিধাননগর পূর্ব থানা এলাকার বাসিন্দা ওই মহিলা অভিযোগে জানিয়েছেন, তিনি জানুয়ারি মাসে সমাজমাধ্যমে ছোটদের মডেলিং সংক্রান্ত একটি মেসেজ পান। মহিলাকে তাঁর সন্তানের ছবি এবং ঠিকানা দিতে বলা হয়। সেই মতো তিনি ওই তথ্য পাঠান। এর পরে তাঁকে সমাজমাধ্যমে একটি গ্রুপে অন্তর্ভুক্তির জন্য বলা হয়। সেখানেই প্রতারকেরা বিনিয়োগের ফাঁদ পাতা শুরু করে।

প্রথমে অল্প টাকা বিনিয়োগের নামে দিয়ে কিছু টাকা ফেরতও পেয়ে যান অভিযোগকারিণী। তাতেই বিশ্বাস অর্জন করে প্রতারকেরা। ক্রমশ বেশি টাকার বিনিয়োগে প্রলুব্ধ করা হয় ওই মহিলাকে। শুরুতে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাতে বলা হয় তাঁকে। এর পরে একটি ওয়েবসাইটের কথা বলা হয়, যেখানে নিলামের অনুরোধ পাঠাতে হবে। তার পরে জানানো হয়, মহিলা কিছু ভুল করেছেন। আগের টাকা ফেরত দিতে আরও টাকা দাবি করে প্রতারকেরা। মহিলা সেই মতো আরও টাকা পাঠান। কিন্তু টাকা ফেরত দেওয়ার বদলে দাবি করা হয়, মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড। তাই পুরো টাকা ফেরত পেতে গেলে আরও টাকা দিতে হবে। এই প্রক্রিয়ায় মহিলার কাছ থেকে প্রায় পাঁচ লক্ষ টাকা হাতায় প্রতারকেরা।

এর পরেই সন্দেহ হওয়ায় ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালে সব জানান অভিযোগকারিণী। পুলিশ সূত্রের খবর, সাইবার প্রতারকেরা নানা কৌশলে প্রতারণার চেষ্টা চালাচ্ছে। সমাজমাধ্যমে বা অন্যত্র এই সংক্রান্ত যোগাযোগ সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই বিনিয়োগ করতে পরামর্শ দেওয়া হচ্ছে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Bidhannagar police investigation

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy