E-Paper

বিদ্যাপতি সেতুর নীচে উচ্ছেদ রদ করল হাই কোর্ট

পুরসভার কৌঁসুলি তথা অতিরিক্ত এজি বিল্বদল ভট্টাচার্য যুক্তি দেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই উড়ালপুলের নীচের জায়গা দখলমুক্ত করতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদক্ষেপ করেছে পুরসভা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৬ ০৮:৪২

—প্রতীকী চিত্র।

শিয়ালদহের বিদ্যাপতি সেতুর (শিয়ালদহ উড়ালপুল) নীচে থাকা সমস্ত বেআইনি দোকান, হকার, দখলদারদের সরাতে সম্প্রতি নোটিস জারি করেছে কলকাতা পুরসভা। সেই নোটিসের বিরুদ্ধে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় আপাতত কোনও উচ্ছেদ না করার মৌখিক নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের নির্দেশ, পুরসভার কোন আধিকারিক এই নোটিস জারি করেছেন, সে বিষয়ে কোর্টে তথ্য দেবে পুরসভা। আগামী ৯ জুলাই ফের এই মামলার শুনানি।

কোর্টের খবর, ওই নোটিসের উপরে স্থগিতাদেশ চেয়ে হাই কোর্টে মামলা করেছে ‘কলকাতা হকার্স সংগ্রাম সমিতি’। এ দিন সমিতির আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য অভিযোগ করেন, কোনও আধিকারিকের স্বাক্ষর ছাড়াই ওই নোটিস মারফত বিদ্যাপতি সেতুর নীচে অবস্থিত সব দোকানদার ও হকারকে সরে যেতে বলেছে পুরসভা। বিকাশের আবেদন, এই নোটিস খারিজ করার নির্দেশ দিক কোর্ট এবং ওই এলাকার দোকানদার ও হকারদের চিহ্নিত করে তাঁদের জীবিকা সুরক্ষিত করতে রাজ্যকে উপযুক্ত পদক্ষেপ করতে বলুক।

পুরসভার কৌঁসুলি তথা অতিরিক্ত এজি বিল্বদল ভট্টাচার্য যুক্তি দেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই উড়ালপুলের নীচের জায়গা দখলমুক্ত করতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ করেছে পুরসভা। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীর পর্যবেক্ষণ, শুধু পুরসভার ছাপ দেওয়া একটি নোটিস দিয়ে উচ্ছেদের সিদ্ধান্ত জানিয়েছেন পুর কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট আধিকারিকের নাম ও উপযুক্ত আইনি ধারা উল্লেখ করা হয়নি।

পুরসভার কৌঁসুলি জানান, তিনি পরবর্তী শুনানির দিন প্রয়োজনীয় তথ্য পেশ করবেন। বিল্বদল জানান, যে হেতু বিষয়টি কোর্টের বিবেচনাধীন, তাই আপাতত কোনও পদক্ষেপ করা হবে না।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

KMC High Court

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy