বিগত তৃণমূল সরকারের আমলে কেএমডিএ-কে যে রকম একতরফা ভাবে রাস্তা মেরামতি থেকে নিকাশি নালা সাফাই, সমস্ত কাজ দেওয়া হত, এ বার থেকে তেমন আর হবে না। ওই সংস্থার পাশাপাশি হাওড়া পুরসভাকেও কাজের দায়িত্ব দেওয়া হবে। সম্প্রতি রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরে অনুষ্ঠিত হওয়া একটি উচ্চ পর্যায়ের বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার পুর ও নগরোন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী তথা উত্তর হাওড়ার বিধায়ক উমেশ রাই জানান, চলতি বছরে বর্ষার আগে থেকেই হাওড়া শহরে এক দিকে যেমন চলছে নিকাশি নালা পরিষ্কারের কাজ, অন্য দিকে তেমনই চলছে রাস্তা মেরামতির কাজ। তিনি জানান, এ বার থেকে নিকাশি নালা সংস্কার ও রাস্তা সারাইয়ের কাজের বরাত কেএমডিএ-র পাশাপাশি হাওড়া পুরসভাকেও দেওয়া হবে।
হাওড়া পুরসভা সূত্রের খবর, ওই পুর এলাকার প্রায় ৪৫টি জায়গায় নিকাশি নালা থেকে পলি তোলার কাজ চলছে। যাতে নিকাশি নালা অবরুদ্ধ হয়ে ভারী বৃষ্টিতে শহর জলমগ্ন না হয়ে পড়ে। এই কাজের জন্য আরও দু’টি জ়েড সাকশন যন্ত্র কেনা হয়েছে।
এর পাশাপাশি, বৃষ্টিতে যে সব রাস্তার পিচ উঠে খানাখন্দে ভরে গিয়েছে, সেগুলি মেরামতির কাজ শুরু হয়েছে। আপাতত সেই সব রাস্তায় পেভার ব্লক বসানো হচ্ছে। বর্ষা মিটলে পুজোর আগে হাওড়া পুর এলাকার সব রাস্তাই নতুন ভাবে সারাই করে ঝাঁ-চকচকে করে তোলার কাজ শুরু হবে। উমেশ বলেন, ‘‘পুর ও নগরোন্নয়ন দফতর ইতিমধ্যেই বিভিন্ন খাতে অর্থ মঞ্জুর করেছে। রাস্তা মেরামতি ও নর্দমার পলি তোলার কাজের টেন্ডার করে কাজ শুরু করা হয়েছে।’’
মন্ত্রী আরও জানান, তৃণমূল আমলের বালি ও হাওড়া পুরসভার ঠিকাদারদের বকেয়া অর্থের পরিমাণ এখন প্রায় ৩৭০ কোটি টাকা ছুঁয়েছে। অর্থ দফতরের কোনও অনুমতি ছাড়াই এত টাকার কাজ হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। তাই ওই বকেয়া টাকা আপাতত দেওয়া হচ্ছে না। এ বিষয়ে বিস্তারিত তদন্ত করে তবেই ব্যবস্থা নেওয়া হবে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)