কলকাতা পুলিশের জালে এ বার জাল নোটের কারবারি। তপসিয়া অঞ্চল থেকে দেড় লক্ষ জাল টাকা-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল কলকাতা পুলিশের এসটিএফ।
পুলিশ সূত্রের খবর, ধৃতের নাম রকিমুল শেখ। তাঁর বাড়ি মালদহের কালিয়াচকে। ধৃতের কাছ থেকে ৩০০টি জাল ৫০০ টাকার নোট পাওয়া গিয়েছে। তদন্তকারীদের অনুমান, জাল নোট কারবারে অন্যতম মূল অভিযুক্ত ওই ব্যক্তি। শনিবার গোপন সূত্রে খবর পেয়ে তপসিয়া এলাকায় অভিযান চালায় কলকাতা পুলিশের এসটিএফ। সেখানেই জাল টাকা-সহ হাতেনাতে পাকড়াও হয় রকিমুল। ওই দিন বিকেল ৪টে নাগাদ রকিমুলকে গ্রেফতার করা হয় বলে খবর।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে খবর, এই প্রথম বার নয়, আগেও রকিমুল ওই একই অভিযোগে গ্রেফতার হয়। এমনকি, তার বিরুদ্ধে জাল নোট কারবারের অভিযোগ প্রমাণ হওয়ায় সাজাও হয়। কিন্তু জেল থেকে বেরিয়ে আবার জাল নোটের কারবারে নামে সে। ধৃতের সঙ্গে কোনও বড় চক্র জড়িত রয়েছে অনুমান তদন্তকারীদের। সে সম্পর্কিত তথ্য জানতে ধৃতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।