Advertisement
E-Paper

গণনার দিন ঝড়বৃষ্টি বাড়বে কলকাতায়! কালবৈশাখীর দাপট কত দিন চলবে? দক্ষিণবঙ্গের কোথায় কী পূর্বাভাস

শনিবারও কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। ভোটগণনার দিন বৃষ্টি আরও বাড়বে। ঝড়বৃষ্টির কারণে কলকাতা ও শহরতলিতে গরমের দাপট অনেকটা কমেছে। তাপমাত্রাও নেমেছে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০২ মে ২০২৬ ১২:০২
কলকাতা-সহ শহরতলিতে ঝড়বৃষ্টির পূর্বাভাস।

কলকাতা-সহ শহরতলিতে ঝড়বৃষ্টির পূর্বাভাস। —ফাইল চিত্র।

ঝড়বৃষ্টির কারণে কলকাতা ও শহরতলিতে গরমের দাপট কিছুটা কমেছে। স্বস্তির বৃষ্টিতে কমেছে তাপমাত্রাও। আপাতত আরও কিছু দিন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী সোমবার, ভোটগণনার দিন ঝড়বৃষ্টি বাড়বে।

শনিবার কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে। তবে রবিবার থেকে ফের বৃষ্টি বাড়বে। ঝোড়ো হাওয়ার বেগ বেড়ে ৪০ থেকে ৫০ কিলোমিটারে পৌঁছে যেতে পারে। মঙ্গলবারও শহরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে সোমবার ঝড়বৃষ্টির দাপট থাকবে সবচেয়ে বেশি। সে দিন কমলা সতর্কতা জারি করা হয়েছে কলকাতায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। ওই দিনই রয়েছে রাজ্যের ২৯৪টি বিধানসভা আসনের ভোটগণনা।

একই পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ায় রবিবারও ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সর্বত্র দুর্যোগের সম্ভাবনা রয়েছে।

বঙ্গোপসাগরের উপরেও মাঝেমধ্যে ঝোড়ো হাওয়া বইছে। তাই সমুদ্র আপাতত উত্তাল। সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

ঝড়বৃষ্টি চলছে উত্তরবঙ্গেও। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পঙে শনিবার ভারী বৃষ্টি (৭ থেকে ১১ সেন্টিমিটার) হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। জলপাইগুড়িতে ভারী বর্ষণ চলবে রবিবারও। এ ছা়ড়া, উত্তরের জেলাগুলিতে মঙ্গলবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলতে পারে। সব জেলাতেই সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের উপর যে ঘূর্ণাবর্তটি ছিল,সমুদ্রতল থেকে তার উচ্চতা ১.৫ কিলোমিটার। এ ছাড়া, দক্ষিণ-পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার উপর আর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সমুদ্রতলের চেয়ে ৩.১ থেকে ৫.৮ কিলোমিটার উচ্চতায় তার অবস্থান। এর ফলে বঙ্গোপসাগর থেকে এখনও জলীয় বাষ্প রাজ্যে ঢুকছে। ফলে ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে।

ঝড়বৃষ্টির কারণে তাপমাত্রা বেশ খানিকটা কমেছে দক্ষিণবঙ্গে। হাওয়া অফিস জানিয়েছে, উত্তর বা দক্ষিণের কোথাও আগামী সাত দিনে তাপমাত্রার বড় কোনও হেরফেরের সম্ভাবনা নেই। শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ৪.১ ডিগ্রি কম। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ৬.২ ডিগ্রি কম।

West Bengal Weather Weather Today Weather Forecast Weather Alert Kolkata Weather
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy