অরেঞ্জ লাইনের কাজ কবে শেষ হবে? বিজেপির রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যের প্রশ্নের ফের জবাব দিল রেল মন্ত্রক।
শুক্রবার আরও একবার চিংড়িঘাটা মেট্রোর কাজ নিয়ে প্রশ্ন উঠেছে। এ বার রাজ্যসভায় প্রশ্ন করেন শমীক। প্রশ্নোত্তরে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, বেলেঘাটা থেকে গৌরকিশোর ঘোষ স্টেশন পর্যন্ত চিংড়িঘাটা ক্রসিংয়ে মেট্রোর কাজের সমস্যা হচ্ছে কারণ ১০ মাস ধরে ছাড়পত্র দিচ্ছে না রাজ্য সরকার! প্রয়োজন মাত্র তিনটি রাতে ৮ ঘণ্টার জন্য যান চলাচল সাময়িকভাবে অন্যত্র সরিয়ে দেওয়া। এমনকি, কলকাতা পুলিশের কথা মতো যান চলাচলের জন্য বিকল্প রাস্তার ব্যবস্থা করা হয় ২০২৫ সালের ফেব্রুয়ারিতে। তবু সমস্যার সমাধান হয়নি।
এর আগেও এ বিষয়ে রাজ্য সরকারকেই দায়ী করেন রেলমন্ত্রী। তাঁর অভিযোগ ছিল, মেট্রোর কাজের গতি থমকে গিয়েছে রাজ্য সরকারের জন্য! অশ্বিনীর কথায়, ‘‘হাই কোর্টের নির্দেশের পরেও চিংড়িঘাটার মেট্রোর কাজে অনুমতি দিচ্ছে না পশ্চিমবঙ্গ সরকার।’’ পাশাপাশি পরিসংখ্যান দিয়ে এ-ও দাবি করেন, নরেন্দ্র মোদীর জমানায় কলকাতা মেট্রোর সম্প্রসারণ অগ্রগতি পেয়েছে।
আরও পড়ুন:
চিংড়িঘাটার মোড়ে মেট্রোর কাজ থমকে অনেক দিন ধরেই। নিউ গড়িয়া থেকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত মেট্রো লাইনের সম্প্রসারণের কাজ আটকে রয়েছে। মাত্র ৩৬৬ মিটার অংশে কাজ অসম্পূর্ণ। সেই অংশটা ঠিক চিংড়িঘাটা মোড়ে। অভিযোগ, ওই অংশে কাজের জন্য বাইপাসে যান চলাচল বন্ধ রাখতে হবে। কিন্তু রাজ্য সরকার সেই অনুমতি না-দেওয়ায় কাজ এগোনো সম্ভব হচ্ছে না। বিষয়টি আদালতের বিচারাধীন।
অন্য দিকে, গত বছর প্ল্যাটফর্মের পিলারে ফাটল ধরা পড়ায় নিউ গড়িয়া সংলগ্ন কবি সুভাষ স্টেশন পর্যন্ত মেট্রো চলাচল এখনও বন্ধ। কবি সুভাষ স্টেশনে কাজ কত দূর সেই সংক্রান্তও প্রশ্ন করেন শমীক। এ বিষয়ে কেন্দ্রীয় রেল মন্ত্রকের তরফে বলা হয়েছে, অরেঞ্জ লাইনের কবি সুভাষ মেট্রো স্টেশনে কোনও কাঠামোগত সমস্যা নেই। ব্লু লাইনে অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ মেট্রো স্টেশনগুলি ২০০৮ থেকে ২০১০ সালের মধ্যে নির্মিত হয়েছিল এবং ২০১০ সালে চালু করা হয়েছিল। কাঠামোগত সমস্যার কারণে, গত বছর জুলাই মাসে ব্লু লাইনে কবি সুভাষ মেট্রো স্টেশনটি যাত্রী পরিষেবার জন্য বন্ধ করে দেওয়া হয়। এই প্ল্যাটফর্মের সংস্কারের কাজ এখনও চলছে।