কলকাতায় তাপমাত্রা সামান্য বাড়ল। তবে এখনও পারদ স্বাভাবিকের নীচেই রয়েছে। শহরে রয়েছে শীতের আমেজ। ভোরের দিকে কোথাও কোথাও কুয়াশাও থাকছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আরও কিছু দিন শীতের আমেজ অনুভূত হবে কলকাতা-সহ গোটা রাজ্যেই। তার পর ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে।
সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.১ ডিগ্রি কম। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৭.৭ ডিগ্রি সেলসিয়াসের উপরে ওঠেনি। তা-ও স্বাভাবিকের চেয়ে ০.৬ ডিগ্রি কম। গত কয়েক দিনে ধারাবাহিক ভাবে কলকাতার পারদ ছিল নিম্নমুখী। রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। সোমে তার চেয়ে কিছুটা বাড়ল তাপমাত্রা। আপাতত রাজ্যের কোথাও বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের দু’একটি জেলায় কুয়াশার সমস্যা থাকতে পারে। বাকি রাজ্যের সর্বত্র থাকবে শুকনো আবহাওয়া।
আরও পড়ুন:
সোমবার দার্জিলিঙের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫.২ ডিগ্রি সেলসিয়াস, রাজ্যে শীতলতম। কালিম্পঙের তাপমাত্রা নেমেছিল ৯ ডিগ্রিতে। দক্ষিণবঙ্গে সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল নদিয়ার কল্যাণীতে, ১১ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া, শ্রীনিকেতনে ১১.৭, বাঁকুড়ায় ১১.৯, বহরমপুরে ১২.৪, ক্যানিংয়ে ১২.৬, সিউড়িতে ১২ ডিগ্রিতে নেমেছিল পারদ। দক্ষিণের বাকি অংশে পারদ ছিল ১৩ ডিগ্রির উপরে।
কলকাতার উপকণ্ঠে দমদমে সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। সল্টলেকে পারদ ১৬ ডিগ্রির নীচে নামেনি। ব্যারাকপুরের সর্বনিম্ন তাপমাত্রা হয়েছিল ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস।
হাওয়া অফিস জানিয়েছে, আগামী তিন দিন রাজ্যের উত্তর থেকে দক্ষিণে রাতের তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন হবে না। তার পরের চার দিনে পারদ চড়তে পারে দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত। কোচবিহার, দার্জিলিং এবং জলপাইগুড়িতে আগামী কয়েক দিন হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। সকালের দিকে কুয়াশার কারণে এই জেলাগুলিতে দৃশ্যমানতা কমে যেতে পারে ৯৯৯ মিটার থেকে ২০০ মিটার পর্যন্ত।