অটো করে এসে আবাসনের মধ্যে থাকা পুরপ্রতিনিধির গাড়ি, কোথাও আবার রাস্তার ধারে দাঁড় করানো নীল আলো লাগানো পুলিশের গাড়িতে ভাঙচুর। এমনকি, মাংসের দোকান থেকে ছাগল চুরি! পানিহাটিতে এমন ভাবেই দুষ্কৃতী তাণ্ডবের অভিযোগ উঠল। সিসি ক্যামেরার ফুটেজের সূত্র ধরে তদন্ত ও অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, রবিবার ভোর সাড়ে চারটে নাগাদ এক দল সশস্ত্র দুষ্কৃতী অটোয় চেপে সোদপুরের পিয়ারলেস নগর আবাসনে ঢোকে। অভিযোগ, আবাসনের মূল গেটে থাকা নিরাপত্তারক্ষীদের বন্দুক উঁচিয়ে হুমকি দেয় তারা। এর পরে আবাসনের ভিতরে রাস্তার ধারে থাকা পানিহাটির ২ নম্বর ওয়ার্ডের পুরপ্রতিনিধি স্বপন দাসের গাড়িতে ভাঙচুর চালিয়ে চম্পট দেয়। এই হামলার ছবি আবাসনের সিসি ক্যামেরায় ধরা পড়েছে। স্বপন বলেন, ‘‘এক দল দুষ্কৃতী সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করতে এমন কাণ্ড ঘটিয়েছে বলেই আমার ধারণা।’’
অভিযোগ, একই ভাবে অটোয় চেপে এসে দুষ্কৃতীরা সোদপুরের রাজা রোডের ধারে দাঁড়িয়ে থাকা নীল আলো লাগানো একটি পুলিশের গাড়িতেও ভাঙচুর চালায়। সিসি ক্যামেরায় তার ফুটেজ মিলেছে। পুলিশ জানিয়েছে, পানিহাটির একটি গ্যারাজে দাঁড়িয়ে থাকা বড় বাসেও ভাঙচুর করা হয় বলে অভিযোগ।
অন্য দিকে, ঘোলা বাজারে একটি মাংসের দোকানে গত ২২ তারিখ শেষ রাতে চুরির ঘটনা ঘটে। অভিযোগ, দোকানের শাটার ভেঙে ঢুকে আটটি ছাগল চুরি করে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘোলা ব্যবসায়ী সমিতির তরফে এ বিষয়ে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কে বা কারা এই তাণ্ডব চালিয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)