তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ফের সংঘর্ষের অভিযোগ দায়ের হল কসবা থানায়। তবে এই ঘটনায় বৃহস্পতিবার রাত পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।
পুলিশ সূত্রের খবর, ২১ জুলাই উপলক্ষে বুধবার দুপুরে ১০৭ নম্বর ওয়ার্ডে একটি মিছিল বেরিয়েছিল। সেটিকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে গোলমালের সূত্রপাত। ওই রাতে ওয়ার্ডের একাধিক তৃণমূলকর্মীর বাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। ১০৮ নম্বর ওয়ার্ডের পুরপ্রতিনিধি সুশান্ত ঘোষের বাড়ি ১০৭ নম্বর ওয়ার্ডে। তাঁর অভিযোগ, মিছিল চলাকালীন বাড়ির সামনে এসে তাঁর উদ্দেশে গালিগালাজ করা হয়। দু’তরফই অভিযোগ দায়ের করেছে।
১০৭ নম্বর ওয়ার্ডের পুরপ্রতিনিধি লিপিকা মান্নার অভিযোগ, দুপুরে মিছিল বেরোনোয় রাতে মোটরবাইকে চেপে এসে জনা চল্লিশ ব্যক্তি তাঁর ওয়ার্ডে হামলা চালান। কসবার দুই পুরপ্রতিনিধি সুশান্ত ও লিপিকার অনুগামীদের মধ্যে বিরোধ নতুন নয়। আগেও দুই গোষ্ঠীর সংঘর্ষ হয়েছে।
মৃণালকান্তি রক্ষিত নামে এক কর্মীর অভিযোগ, ‘‘রাত সাড়ে দশটায় দুষ্কৃতীরা বাড়ির দরজা-জানলা ভাঙচুর করে।’’ রাতেই মৃণাল লিখিত অভিযোগ দায়ের করেন। সুশান্তও থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি বলেন, ‘‘বুধবার দুপুরে আমার স্ত্রী বাড়িতে একা ছিলেন। তখনই বাড়ির সামনে তাণ্ডব চালানো হয়।’’ যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন লিপিকা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)