E-Paper

নাবালিকাকে অপহরণ করে কলকাতায়, ধৃত কাশ্মীরি যুবক

বুধবার আদালতে তোলা হলে বিচারক ধৃতকে জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। উল্লেখ্য, দানিশের বিরুদ্ধে জম্মু-কাশ্মীরের একটি থানায় ওই নাবালিকাকে অপহরণের মামলা রুজু করা হয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ০৬:১০

— প্রতীকী চিত্র।

একটি নাবালিকা মেয়েকে নিয়ে পালিয়ে আসার ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে রেল পুলিশ। উদ্ধার করা হয়েছে ওই কিশোরীকে। রেল পুলিশ জানিয়েছে, ধৃত যুবকের নাম দানিশ আহমেদ তান্ত্রে। তার বাড়ি জম্মু-কাশ্মীরের বাদগাম জেলায়। মঙ্গলবার বিকেলে কলকাতা স্টেশনের পার্কিং লট থেকে তাকে গ্রেফতার করেন চিৎপুর রেল পুলিশ থানার আধিকারিকেরা।

বুধবার আদালতে তোলা হলে বিচারক ধৃতকে জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। উল্লেখ্য, দানিশের বিরুদ্ধে জম্মু-কাশ্মীরের একটি থানায় ওই নাবালিকাকে অপহরণের মামলা রুজু করা হয়েছে। আজ, বৃহস্পতিবার সেখানকার পুলিশের আসার কথা কলকাতায়। তারা এসে দানিশকে ট্রানজ়িট রিমান্ডে জম্মু-কাশ্মীরে নিয়ে যাওয়ার জন্য আবেদন করবে আদালতে।

রেল পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার বিকেলে কলকাতা স্টেশনের পার্কিং লটে ওই যুবক এবং এক কিশোরীকে উদ্দেশ্যহীন ভাবে ঘুরতে দেখে আরপিএফের একটি দল। তারা ওই দু’জনকে আটক করে চিৎপুর রেল পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারে, দু’জনেরই বাড়ি জম্মু-কাশ্মীরে। মেয়েটি প্রথমে কিছু না বললেও টানা জিজ্ঞাসাবাদের পরে ওই দু’জনের বাড়ির ঠিকানা এবং স্থানীয় থানার নাম জানতে পারেন রেল পুলিশের আধিকারিকেরা।

রেল পুলিশের এক কর্তা জানান, প্রথমে ভাবা হয়েছিল, ওই দু’জনের বাড়ির সঙ্গে যোগাযোগ করে তাদের ফিরিয়ে দেওয়া হবে। কিন্তু জম্মু-কাশ্মীরের সংশ্লিষ্ট থানায় ফোন করে জানা যায়, দানিশের বিরুদ্ধে অপহরণের মামলা রুজু করেছেন নাবালিকার বাবা। সেই থানার তরফে মামলার নথি ও বিস্তারিত তথ্য চিৎপুর রেল পুলিশ থানায় পাঠানো হয়। এর পরেই মেয়েটিকে জেলা চাইল্ড প্রোটেকশন শাখার হাতে তুলে দেওয়া হয়। খবর দেওয়া হয়েছে নাবালিকার পরিবারের সদস্যদের।

প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানতে পেরেছে, বছর পনেরোর ওই কিশোরীর সঙ্গে সম্পর্ক ছিল অভিযুক্তের। গত শনিবার তারা বাড়ি থেকে বেরিয়ে আসে। মঙ্গলবার সকালে ট্রেনে করে পৌঁছয় হাওড়া স্টেশনে। সেখান থেকে কলকাতা স্টেশনে আসে ওই দু’জন। জানা গিয়েছে, ওই স্টেশন থেকে ফের জম্মু-কাশ্মীরে ফিরে যাওয়ার চেষ্টা করেছিল তারা।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

arrest Minor Girl

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy