Advertisement
E-Paper

৯ রেকর্ড: হায়দরাবাদের বিরুদ্ধে ২৯ বলে ৯৭ রানের ইনিংসে যা গড়ল বৈভব

আইপিএলের এলিমিনেটরে সানরাইজ়ার্স হায়দরাবাদের বিরুদ্ধে ২৯ বলে ৯৭ রানের ইনিংস খেলেছে বৈভব সূর্যবংশী। এই ইনিংসের পর ন’টি রেকর্ড গড়েছে সে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ মে ২০২৬ ১৩:৩৬
cricket

বৈভব সূর্যবংশী। —ফাইল চিত্র।

ব্যাট হাতে মাঠে নামলেই এখন রেকর্ড গড়ছে বৈভব সূর্যবংশী। বুধবার আইপিএলের এলিমিনেটরে সানরাইজ়ার্স হায়দরাবাদের বিরুদ্ধে ২৯ বলে ৯৭ রানের ইনিংস খেলেছে বৈভব। ৫ চার ও ১২ ছক্কার এই ইনিংসের পর ন’টি রেকর্ড গড়েছে সে।

১) অনূর্ধ্ব-১৯ ক্রিকেটার হিসাবে সর্বাধিক রান

বিশ্বের যে কোনও টি-টোয়েন্টি প্রতিযোগিতায় অনূর্ধ্ব-১৯ ক্রিকেটার হিসাবে সবচেয়ে বেশি রান করেছে বৈভব। আইপিএলে এখনও পর্যন্ত ৬৮০ রান করেছে সে। অনূর্ধ্ব-১৯ ক্রিকেটার হিসাবে এই প্রথম কেউ ৬০০-র বেশি রান করেছে।

২) ঘরোয়া ক্রিকেটার হিসাবে আইপিএলের এক মরসুমে সর্বাধিক রান

ঘরোয়া ক্রিকেটারদের মধ্যে আইপিএলের এক মরসুমে সর্বাধিক রানের রেকর্ড গড়েছে বৈভব। এর আগে এই রেকর্ড তারই সতীর্থ যশস্বী জয়সওয়ালের ছিল। ২০২৩ সালে ৬২৬ রান করেছিলেন তিনি। তখনও ভারতীয় দলে সুযোগ পাননি তিনি। বুধবার যশস্বীর সামনেই তাঁর রেকর্ড ভেঙেছে বৈভব।

৩) আইপিএলের প্লে-অফে দ্রুততম অর্ধশতরান

হায়দরাবাদের বিরুদ্ধে মাত্র ১৬ বলে অর্ধশতরান করেছে বৈভব, যা আইপিএলের প্লে-অফে যুগ্ম ভাবে দ্রুততম। সে ছুঁয়েছে সুরেশ রায়নার রেকর্ড।

৪) এক মরসুমে সর্বাধিক ছক্কা

চলতি মরসুমে এখনও পর্যন্ত ৬৫ ছক্কা মেরেছে বৈভব, যা এক মরসুমে সর্বাধিক। এর আগে এই রেকর্ড ছিল ক্রিস গেলের দখলে। ২০১২ সালে ৫৯ ছক্কা মেরেছিলেন তিনি।

৫) টি-টোয়েন্টি প্রতিযোগিতায় এক মরসুমে সর্বাধিক ছক্কা

শুধু আইপিএলে নয়, বিশ্বের সব টি-টোয়েন্টি প্রতিযোগিতা মিলিয়ে এক মরসুমে সর্বাধিক ছক্কার রেকর্ড গড়েছে বৈভব। এখনও পর্যন্ত কোনও লিগে এক মরসুমে ৬০টির বেশি ছক্কা কেউ মারতে পারেননি। তা করে দেখিয়েছে বৈভব।

৬) প্লে-অফে এক ইনিংসে সর্বাধিক ছক্কা

আইপিএলের প্লে-অফে এক ইনিংসে সর্বাধিক ছক্কা মেরেছে বৈভব। হায়দরাবাদের বিরুদ্ধে ১২টি ছক্কা মেরেছে সে। এই রেকর্ডও গেলের দখলে ছিল। তিনি এক ইনিংসে ১০টি ছক্কা মেরেছিলেন।

৭) এক মরসুমে তিন ম্যাচে ১০-এর বেশি ছক্কা

বৈভবই একমাত্র ক্রিকেটার যে এক আইপিএলে তিনটি ইনিংসে ১০ বা তার বেশি ছক্কা মেরেছে। সব মিলিয়ে আইপিএলে চার বার এই কীর্তি করেছে সে। গেলও আইপিএল কেরিয়ারে চার বার এক ইনিংসে ১০ বা তার বেশি ছক্কা মেরেছেন। তবে মাত্র দ্বিতীয় মরসুমেই গেলের রেকর্ড ছুঁয়ে ফেলেছে বৈভব।

৮) পাওয়ার প্লে-তে সর্বাধিক রান

এই মরসুমে পাওয়ার প্লে-তে ৪৯০ রান করেছে বৈভব। আইপিএলের এক মরসুমে পাওয়াপ প্লে-তে আর কোনও ব্যাটার এত রান করতে পারেননি।

৯) এক ইনিংসে পাওয়ার প্লে-তে সর্বাধিক ছক্কা

হায়দরাবাদের বিরুদ্ধে পাওয়ার প্লে-র মধ্যে আটটি ছক্কা মেরেছে বৈভব। আইপিএলের ইতিহাসে এক ইনিংসে পাওয়ার প্লে-র মধ্যে এত ছক্কা কেউ মারতে পারেননি।

সংক্ষেপে
  • ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
  • এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
  • আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি, পাঁচ বার করে ট্রফি জিতেছে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স। কলকাতা নাইট রাইডার্স জিতেছে তিন বার। গত বছর প্রথম বার ট্রফি জিতেছিল বেঙ্গালুরু।
সর্বশেষ
২ ঘণ্টা আগে
Vaibhav Sooryavanshi Rajasthan Royals
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy