Advertisement
E-Paper

স্পিকার ওম বিড়লা-মনোনীত সংসদের কমিটিতে এ বারেও কল্যাণ, লোকসভার স্পিকারের বিরুদ্ধে অনাস্থায় ছিল না তৃণমূল

গত বাজেট অধিবেশনে লোকসভার স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিল কংগ্রেস। তাতে বিজেপি-বিরোধী জোট ‘ইন্ডিয়া’ভুক্ত প্রায় সব দলের সাংসদেরাই সই করেছিলেন। কিন্তু পদ্ধতির কারণে কংগ্রেসের আনা অনাস্থা প্রস্তাবে সায় ছিল না তৃণমূলের।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৬ ২০:৪০
Lok Sabha Speaker Om Birla nominates TMC MP Kalyan Banerjee as Member of Privileges Committee

(বাঁ দিকে) ওম বিড়লা, কল্যাণ বন্দ্যোপাধ্যায় (ডান দিকে)। —ফাইল চিত্র।

লোকসভার প্রিভিলেজ কমিটিতে এ বারেও রইলেন প্রবীণ তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার লোকসভার স্পিকার ওম বিড়লা ১৫ জনের কমিটি মনোনীত করেছেন। তাতে ৬ নম্বরে নাম রয়েছে শ্রীরামপুরের সাংসদ কল্যাণের। এই কমিটির চেয়ারম্যান করা হয়েছে বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদকে। কোনও সাংসদের বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের প্রস্তাব এলে প্রথমে তা বিবেচনা করে প্রিভিলেজ কমিটি। গত কমিটির মেয়াদ শেষ হওযার পরে মঙ্গলবার নতুন কমিটি মনোনীত করলেন স্পিকার।

ঘটনাচক্রে, গত বাজেট অধিবেশনে লোকসভার স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিল কংগ্রেস। তাতে বিজেপি-বিরোধী জোট ‘ইন্ডিয়া’ভুক্ত প্রায় সব দলের সাংসদেরাই সই করেছিলেন। কিন্তু পদ্ধতির কারণে কংগ্রেসের আনা অনাস্থা প্রস্তাবে সায় ছিল না তৃণমূলের। তবে অনেকের বক্তব্য, তার সঙ্গে কল্যাণকে প্রিভিলেজ কমিটিতে মনোনীত করার কোনও সম্পর্ক নেই। কারণ, ২০০৯ সাল থেকেই কল্যাণ লোকসভার প্রিভিলেজ কমিটির সদস্য। উল্লেখ্য, সে বারই প্রথম শ্রীরামপুর থেকে জিতে সাংসদ হয়েছিলেন কল্যাণ। আবার এ-ও প্রণিধানযোগ্য, অনাস্থা প্রস্তাবে সই করেছিলেন এমন সাংসদও প্রিভিলেজ কমিটিতে ঠাঁই পেয়েছেন। যেমন ডিএমকে-র টিআর বালু।

গত ১০ ফেব্রুয়ারি স্পিকারের বিরুদ্ধে অনাস্থা আনার তোড়জোড় শুরু করেছিল কংগ্রেস। কিন্তু সে দিন সংসদ অধিবেশনের প্রথমার্ধেই লোকসভায় তৃণমূলের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘‘স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে সই করতে আপত্তি নেই। ‘ইন্ডিয়া’র দলগুলো সই করে একটা চিঠি লোকসভার স্পিকারকে দিক। যে চারটি বিষয়কে কেন্দ্র করে অনাস্থা প্রস্তাব আনার কথা বলা হচ্ছে, সেগুলিই লিখিত ভাবে জানানো হোক স্পিকারকে। তিনি তিন দিনের মধ্যে সদুত্তর না-দিলে, তার পর শুক্রবার অনাস্থা প্রস্তাব আনা হোক।’’

অভিষেকের সেই প্রস্তাবে সায় না-দিয়ে ওই দিন দুপুরের পরেই অনাস্থার নোটিস আনে কংগ্রেস। কিন্তু তাতে সই করেনি তৃণমূল। যদিও তৃণমূলের সঙ্গে সখ্য রেখে চলা সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, তাঁর স্ত্রী ডিম্পল যাদবেরা সই করেছিলেন।

Kalyan Banerjee Om Birla Lok Sabha TMC BJP
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy