Advertisement
E-Paper

বিতর্কে জড়াল কানাডাও, বিশ্বকাপ আয়োজকেরা ভিসা দিল না ঘানার এক ফুটবলারকে! পানামার বিরুদ্ধে প্রথম ম্যাচে নেই মিডফিল্ডার

ঘানার বাকি ফুটবলার এবং সাপোর্ট স্টাফদের ভিসা মঞ্জুর করা হলেও টমাস পার্টির আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। এর ফলে বিশ্বকাপে দেশের হয়ে প্রথম ম্যাচ খেলতে পারবেন না মিডফিল্ডার।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ জুন ২০২৬ ০৭:৪০
picture of football

টমাস পার্টি। ছবি: এক্স।

আমেরিকার পর কানাডা। বিতর্কে সে দেশের অভিবাসন নীতিও। ঘানার এক ফুটবলারের ভিসার আবেদন খারিজ করে দিল কানাডা প্রশাসন। ফলে আগামী ১৭ জুন পানামার বিরুদ্ধে খেলতে পারবে না তিনি।

সোমালিয়ার রেফারি ওমর আব্দুলকাদির আরতানকে দেশেই ঢুকতে দেয়নি আমেরিকা। বিমানবন্দর থেকেই ফিরিয়ে দেওয়া হয় আফ্রিকার সেরা রেফারিকে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অভিযোগ, একটি জঙ্গি সংগঠনের সঙ্গে যোগ রয়েছে আরতানের। এ বার কানাডা ভিসা দিল না ঘানার মিডফিল্ডার টমাস পার্টিকে। ঘানার বাকি ফুটবলার এবং সাপোর্ট স্টাফদের ভিসা মঞ্জুর করা হলেও পার্টির আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। ফিফা এই খবর জানিয়েছে। এর ফলে বিশ্বকাপে দেশের হয়ে প্রথম ম্যাচ খেলতে পারবেন না পার্টি।

বস্টনে শিবির করেছে ঘানা। ১৭ জুন পানামা ম্যাচ খেলার জন্য দলের সঙ্গে কানাডায় যাওয়ার কথা ছিল ৩২ বছরের ফুটবলারের। ফিফা জানিয়েছে, কানাডা প্রশাসন পার্টির ভিসার আবেদন মঞ্জুর না করায় তিনি পানামা ম্যাচ খেলতে পারবেন না। ফিফা জানিয়েছে, আয়োজক দেশগুলির অভিবাসন নীতির ব্যাপারে তাদের কিছু করার নেই। তারা হস্তক্ষেপ করতে পারে না। এক রকম অসহায়তা স্বীকার করে নিয়ে নিয়েছে তারা। কানাডা প্রশাসনের পক্ষ থেকে এ ব্যাপারে কোনও মন্তব্য করা হয়নি।

কানাডার মাটিতে খেলতে না পারলেও আমেরিকার মাটিতে খেলতে সমস্যা হবে না পার্টির। বিশ্বকাপ শুরুর অনেক আগেই আমেরিকা তাঁর ভিসার আবেদন মঞ্জুর করেছে। তাই ইংল্যান্ড এবং ক্রোয়েশিয়ার বিরুদ্ধে তিনি খেলতে পারবেন। দেশের হয়ে ৫৭টি ম্যাচ খেলা পার্টি ঘানার অন্যতম প্রধান ফুটবলার। স্বাভাবিক ভাবেই প্রথম ম্যাচে সমস্যায় পড়তে পারে ঘানা।

আর্সেনালের হয়ে খেলার সময় পার্টির বিরুদ্ধে ধর্ষণ এবং যৌন হেনস্থার অভিযোগ ওঠে। যুক্তরাজ্যের আদালতে সেই মামলা এখনও বিচারাধীন। চলতি বছরের শেষে শুনানি শুরু হওয়ার কথা ছিল সাউথওয়ার্ক ক্রাউন আদালতে। তা পিছিয়ে গিয়েছে। ২০২৭ সালের ৮ জুন থেকে শুরু হবে শুনানি। আপাতত জামিনে মুক্ত রয়েছেন ঘানার মিডফিল্ডার। আর্সেনালের হয়ে পাঁচ বছর খেলার পর ২০২৫ সালে পার্টি যোগ দেন স্পেনের ক্লাব ভিল্লারিয়ালে। আদালতে অভিযুক্ত হলেও ক্লাব এবং দেশের হয়ে খেলতে বাধা নেই পার্টির। মনে করা হচ্ছে, এই মামলার জন্য কানাডা প্রশাসন তাঁর ভিসার আবেদন খারিজ করে দিয়েছে।

সংক্ষেপে
  • ১১ জুন থেকে শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপ। চলবে ১৯ জুলাই পর্যন্ত। এ বারই প্রথম ৪৮টি দেশকে নিয়ে প্রতিযোগিতা আয়োজন করছে ফিফা।
  • ফুটবল বিশ্বকাপ হচ্ছে তিনটি দেশে। আমেরিকা, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপের যৌথ আয়োজক। তিনটি দেশে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করেছে ফিফা।
  • বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হয়েছে অ্যাজটেকা স্টেডিয়ামে। ১১ জুন মেক্সিকোর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হয়েছে বিশ্বকাপ।
সর্বশেষ
১ ঘণ্টা আগে
Canada VISA
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy